অনলাইন ডেস্ক: হলিউডের অন্যান্য দম্পতি বিচ্ছেদের পর যেখানে মুখ দেখাদেখি বন্ধ করে দেন, সেখানে উল্টো দৃষ্টান্ত দেখালেন ‘স্পাইডার ম্যান’ খ্যাত অভিনেতা টোবি ম্যাগওয়ার।
কিছুদিন আগে সাবেক স্ত্রী জেনিফার মেয়ারের সঙ্গে টোবির আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়। তবে কোনো বৈরিতা না রেখে গত শনিবার জেনিফারের দ্বিতীয় বিয়েতে হাজির হন তিনি। অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি সংগীত নির্বাহী জিওফ ওগুনলেসির সঙ্গে জেনিফারের বিয়ের আনুষ্ঠানিকতায় ‘অফিসিয়েট’ বা পুরোহিতের ভূমিকা পালন করেন টোবি।
বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুই পরিবারের স্বজনদের পাশাপাশি অনুষ্ঠানে হলিউডের বেশ কয়েকজন তারকাও উপস্থিত ছিলেন।
টোবির এই বিশেষ ভূমিকার সাক্ষী হন তার সহকর্মী ও বন্ধুরা। অতিথিদের মধ্যে ছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও ও তার প্রেমিকা ভিটোরিয়া চেরেত্তি, অভিনেত্রী কোর্টনি কক্স, ফ্যাশন ডিজাইনার রেচেল জো এবং অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও তার স্ত্রী লরেন সানচেজ বেজোস।
সম্পর্কের পটভূমি
টোবি ম্যাগওয়ার ও জেনিফার মেয়ারের পরিচয় হয় ২০০৩ সালে। ২০০৭ সালে বিয়ের পর তারা প্রায় এক দশক সংসার করেন। ২০১৭ সালে আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা এবং ছয় বছর আগে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন করেন। গত ২১ সেপ্টেম্বর তাদের আইনি বিচ্ছেদ চূড়ান্ত হয়।
বিচ্ছেদের পরও সন্তানদের অভিভাবকত্ব ও বন্ধুত্ব বজায় রেখেছেন এই প্রাক্তন দম্পতি। বর্তমানে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। চলতি বছরের শুরুতে নতুন সঙ্গী ওগুনলেসির ঘরে এক কন্যাসন্তানের মা হন জেনিফার। বিয়ের অনুষ্ঠানে তিন সন্তানই উপস্থিত ছিল।

