অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়নের পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শিমুল তালুকদার। শুধু নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ না করে তিনি নিজেই ঝাড়ু হাতে হাসপাতালের বিভিন্ন স্থান পরিষ্কার করছেন। কখনো পরিচ্ছন্নতাকর্মীদের কাজ দেখিয়ে দিচ্ছেন, আবার কখনো প্রয়োজনীয় উপকরণ নিয়ে দেওয়াল ও টয়লেটের বেসিন পরিষ্কার করছেন।
প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সকালে তার নেতৃত্বে একটি দল বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগ ঘুরে দেখে। কোথাও ময়লা-আবর্জনা বা অপরিচ্ছন্নতা চোখে পড়লে সংশ্লিষ্ট কর্মীদের ডেকে কাজ বুঝিয়ে দেন। প্রয়োজন হলে নিজেই কাজ করে দেখান।
সংশ্লিষ্ট কর্মীরা জানিয়েছেন, আরএমওর এই উদ্যোগে হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে শৃঙ্খলা ফিরেছে। নিয়মিত তদারকি ও আন্তরিক আচরণের কারণে পরিচ্ছন্নতাকর্মীরাও কাজে বেশি মনোযোগী হয়েছেন। কেউ কাজে গাফিলতি করলে তাকে বুঝিয়ে কাজ করানো হচ্ছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, এখানে ৪২ জন পরিচ্ছন্নতাকর্মীর প্রয়োজন হলেও বর্তমানে কাজ করছেন ১৭ জন। কর্মীসংকটের কারণে দায়িত্ব পালনরতদের ওপর বাড়তি চাপ রয়েছে। এ পরিস্থিতিতে কর্মীদের উৎসাহ দিয়ে এবং সবাইকে নিয়ে দলগতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালাচ্ছেন আরএমও।
হাসপাতালে চিকিৎসা নিতে আসা কয়েকজন রোগী ও স্বজন জানান, আগে বিভিন্ন স্থানে দুর্গন্ধ থাকলেও এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আগের তুলনায় হাসপাতাল পরিষ্কার থাকায় তারা স্বস্তি পাচ্ছেন।
পরিচ্ছন্নতাকর্মী পারুল রানী বলেন, আরএমও নিয়মিত পরিদর্শন করেন এবং তার আচরণে কর্মীরা উৎসাহ পান। আরেক পরিচ্ছন্নতাকর্মী জয়রাম বাসফর জানান, ঝাড়ু ঠিকমতো না হলে আরএমও নিজেই ঝাড়ু নিয়ে পরিষ্কার করা শুরু করেন।
হাসপাতালের সহকারী ওয়ার্ড মাস্টার মো. সেলিম বলেন, গত তিন মাস ধরে আরএমওর নির্দেশনায় একটি দল সমন্বিতভাবে প্রতিদিন পরিচ্ছন্নতার কাজ করছে। তার ভাষ্য, আগের তুলনায় হাসপাতাল এখন অনেক বেশি পরিষ্কার।
আরএমও ডা. মো. শিমুল তালুকদার বলেন, রোগীদের জন্য পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশ নিশ্চিত করাই তার লক্ষ্য। পরিচ্ছন্নতাকর্মীর সংকট থাকায় কর্মীদের সঙ্গে নিয়ে দলগতভাবে কাজ করছেন এবং নিয়মিত তদারকির মাধ্যমে এই ধারাবাহিকতা বজায় রাখতে চান।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান বলেন, প্রশাসনিক দায়িত্বের পাশাপাশি ডা. শিমুল হাসপাতাল পরিষ্কার রাখতে দল গঠন করে কাজ করছেন এবং নিয়মিত রোগীও দেখছেন।

