Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ছেলে দেশে ফিরলে নাসিমা খানের জানাজা ও দাফন

ছেলে দেশে ফিরলে নাসিমা খানের জানাজা ও দাফন

অনলাইন ডেস্ক: বাংলা ও উর্দু চলচ্চিত্রের একসময়ের পরিচিত মুখ ও প্রবীণ অভিনেত্রী নাসিমা খানের জানাজা ও দাফন আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রপ্রবাসী তার বড় ছেলে দেশে ফেরার পর শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার সময় ও স্থান চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।

গত রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান নাসিমা খান।

সনি রহমান জানান, রোববার রাতে উত্তরার লুবনা হাসপাতাল থেকে নাসিমা খানের মরদেহ নেওয়ার পর গোসল করানো হয়। পরে মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হয় এবং সোমবার সকালে একটি হাসপাতালের হিমঘরে সংরক্ষণ করা হয়।

অভিনেত্রীর বড় ছেলে শাবাব নাসিম রহমান যুক্তরাষ্ট্র থেকে আগামী বৃহস্পতিবার দেশে পৌঁছাবেন। সেদিনই জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে জানান সনি রহমান। নাসিমা খানের ছোট ছেলে নাবিল নাছির রহমান কুশল গত কয়েক মাস ধরে নিখোঁজ রয়েছেন।

চলচ্চিত্রজীবন

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্ম নেওয়া নাসিমা খানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামে। বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর সময়ে ‘যে নদী মরু পথে’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি।

আনোয়ার হোসেন, হাসান ইমাম, রহমান, গোলাম মুস্তাফা ও আজিমের মতো অভিনেতাদের বিপরীতে অভিনয় করেছেন নাসিমা খান। ঢাকার চলচ্চিত্রের পাশাপাশি তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরের চলচ্চিত্রেও তিনি কাজ করেন।

তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’। লাহোরে নির্মিত তার উল্লেখযোগ্য চলচ্চিত্র ‘নয়ি লায়লা নয়া মজনু’, ‘গীত কাহিঁ সংগীত কাহিঁ’, ‘আঁসু বন গয়ে মোতি’ এবং ‘রোড টু সোয়াত’।

স্বাধীনতার পর কিছুদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও টেলিভিশনে উপস্থাপনার মাধ্যমে পর্দায় ফেরেন তিনি। দীর্ঘ বিরতির পর ২০১১ সালে ‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রে সর্বশেষ অভিনয় করেন নাসিমা খান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram