Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

কালিহাতীতে রাস্তা বন্ধের অভিযোগ, ঘর-বেড়া ভেঙে মরদেহ দাফন

কালিহাতীতে রাস্তা বন্ধের অভিযোগ, ঘর-বেড়া ভেঙে মরদেহ দাফন

অনলাইন ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিবেশীদের সঙ্গে বিরোধের জেরে কবরস্থানে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ অবস্থায় রাস্তার মাঝে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে চলাচলের পথ তৈরি করে আব্দুল সালাম (৬০) নামে এক ব্যক্তির মরদেহ দাফন করেছেন স্বজন ও এলাকাবাসী।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল সালাম ওই গ্রামের একাব্বর আলীর ছেলে।

শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ অবস্থায় আব্দুল সালাম মারা যান। পরে স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন। রাতে দাফনের প্রস্তুতি নেওয়া হলেও কবরস্থানে যাওয়ার রাস্তা না থাকায় তা সম্ভব হয়নি। সকালে দাফনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিলপালিমা গ্রামের মাতবর মোজাফফর হোসেন বলেন, কবরস্থানে মরদেহ নেওয়ার রাস্তা না থাকায় প্রতিবেশীদের রাস্তা করে দিতে বলা হয়েছিল। তবে তারা এতে সাড়া দেননি।

মরদেহের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ বলেন, সোমবার সকালে মরদেহ কবরস্থানে নেওয়ার সময় চলাচলের পথ না থাকায় স্থানীয় বাসিন্দারা একত্র হন। পরে রাস্তার মাঝখানে থাকা ঘর ও টিনের বেড়া ভেঙে পথ তৈরি করা হয়। এলাকাবাসীর সহায়তায় এরপর মরদেহ দাফন করা সম্ভব হয়।

এলাকাবাসীর দাবি, প্রায় ১০০ বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা নিয়ে প্রতিবেশী একাব্বর আলীর সঙ্গে বিরোধের জেরে প্রায় দুই বছর ধরে মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন রাস্তা বন্ধ করে রেখেছেন।

বাংড়া ইউনিয়ন পরিষদের সদস্য শাহজালাল বলেন, প্রতিপক্ষ রাস্তার মাঝখানে ঘর তুলেছিল। ঘরের কারণে মরদেহ নেওয়া সম্ভব হয়নি। পরে স্থানীয় লোকজন ঘরটি ভেঙে রাস্তা তৈরি করেন এবং মরদেহ কবরস্থানে নিয়ে দাফন করেন।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে বিরোধের কথা শুনেছেন। বিরোধের জেরে ক্ষুব্ধ জনতা ঘর ভেঙে মরদেহ দাফন করেছে। ৯৯৯-এ কল পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram