অনলাইন ডেস্ক: জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে ‘মিডনাইট কারফিউ’ ভেঙে লন্ডনের নাইটক্লাবে গিয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ও গাস অ্যাটকিনসন। সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সামোয়ান রাগবি খেলোয়াড় টোটোয়া আউভার সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা, যা ইংলিশ ক্রিকেটকে সংকটে ফেলে।
ক্রিকেটে আলোচনার জন্ম দেওয়া সেই রাগবি খেলোয়াড়কে বরখাস্ত করেছে তার ক্লাব সারেসেন্স। জুনের ঘটনায় তখন ক্লাবটি আউভার পাশে দাঁড়ালেও সম্প্রতি পৃথক একটি ঘটনার পর তিনি শাস্তি এড়াতে পারেননি। দ্রুত অভ্যন্তরীণ তদন্তের পর তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় জয়ের পর মাঝরাতে চেলসির রেক্স রুমস নাইটক্লাবে যান স্টোকস ও অ্যাটকিনসন। সেখানে বাগবিতণ্ডার একপর্যায়ে অ্যাটকিনসনকে লক্ষ্য করে আউভার ছোড়া ঘুষিতে ইংল্যান্ডের এক নিরাপত্তাকর্মী রক্তাক্ত হন।
ওই ঘটনার পর দ্বিতীয় টেস্টের দলে স্টোকস ও অ্যাটকিনসন—কেউই জায়গা পাননি। তদন্ত চলাকালে দ্বিতীয় ম্যাচে তাদের নিষিদ্ধ করা হয়েছিল। তবে ইসিবি জানিয়েছিল, কারফিউ ভেঙে নিয়ম লঙ্ঘনের জন্যই তাদের শাস্তি দেওয়া হয়েছে। তদন্ত কমিটি তাদের বিরুদ্ধে সহিংস আচরণের প্রমাণ পায়নি।
তৃতীয় টেস্টে ফিরে অধিনায়ক স্টোকস আচমকাই এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন। নাইটক্লাবের ওই ঘটনা ইংল্যান্ড ক্রিকেটে বড় প্রভাব ফেলে।
এরপর আউভা আবার ঘুষির ঘটনায় আলোচনায় আসেন। গণমাধ্যমে খবর আসে, কদিন আগে সেন্ট আলবান্সে তিনি এক ব্যক্তিকে ঘুষি মেরেছেন। এর পরই সারেসেন্স তার বিরুদ্ধে তদন্ত শুরু করে এবং তাকে বরখাস্ত করে।
সারেসেন্স সোমবার সকালে জানায়, একাডেমির এক নাম প্রকাশে অনিচ্ছুক খেলোয়াড়কে নিয়ে তারা ‘একটি পুঙ্খানুপুঙ্খ অভ্যন্তরীণ তদন্ত’ করবে। পরে একই দিন ক্লাবটি নিশ্চিত করে, আউভা ‘তাৎক্ষণিকভাবে ক্লাব ছেড়েছেন’.

