Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

পাংশায় বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ যুবক আটক

অনলাইন ডেস্ক: রাজবাড়ীর পাংশায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি বিদেশি সচল রিভলবার ও ৮ রাউন্ড গুলিসহ আরাফাত হোসেন ওরফে কালা মানিক (৩১) নামের এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার হরিণাডাঙ্গা গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে পাংশা থানায় মামলা হয়েছে।

আটক আরাফাত হোসেন হরিণাডাঙ্গা গ্রামের মৃত নবাব আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলীর নেতৃত্বে একটি দল সকাল ৯টা ৪০ মিনিট থেকে ১০টা ১৫ মিনিট পর্যন্ত আরাফাতের বসতঘরে অভিযান চালায়। তল্লাশির সময় কালো রঙের একটি সিনথেটিক শপিং ব্যাগের ভেতর থেকে কাঠের হাতলযুক্ত বিদেশি সচল রিভলবারটি উদ্ধার করা হয়। অস্ত্রটির ব্যারেলে ইংরেজিতে ‘মিডিযা ইন পাকিস্থান’ লেখা রয়েছে।

এ ছাড়া আট রাউন্ড রিভলবারের গুলি এবং ‘উইনস্টার’ ব্র্যান্ডের একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়েছে। উদ্ধার হওয়া গুলির মধ্যে পাঁচটি অ্যালুমিনিয়ামজাতীয় ধাতু এবং তিনটি পিতল দিয়ে তৈরি বলে জানানো হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজবাড়ী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. রাসেল আলী বাদী হয়ে আরাফাত হোসেনের বিরুদ্ধে পাংশা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(ক) ও ১৯(এফ) ধারায় মামলা করেছেন।

পরিদর্শক মো. রাসেল আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পাংশা মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram