Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সমর্থকদের প্রতিবাদে কাগুজে বিমান ওড়ানো, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

সমর্থকদের প্রতিবাদে কাগুজে বিমান ওড়ানো, লা লিগার ম্যাচ পরিত্যক্ত

অনলাইন ডেস্ক: সমর্থকদের প্রতিবাদের মুখে লা লিগায় রায়ো ভায়েকানো ও অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ পরিত্যক্ত হয়েছে। দীর্ঘদিন ধরে ক্লাব প্রেসিডেন্ট রাউল মার্টিন প্রেসার ওপর ক্ষুব্ধ সমর্থকেরা ম্যাচ চলাকালে গ্যালারি থেকে কাগুজে বিমান ওড়ানোর পাশাপাশি মাঠে রাবারের বল ছুড়ে দেন। এক দফায় ১৫ মিনিট খেলা স্থগিতের পর আবার বল গড়ালেও একই পরিস্থিতির কারণে ম্যাচ অফিসিয়ালরা শেষ পর্যন্ত খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে স্প্যানিশ ক্লাব রায়ো ভায়েকানোর মাঠ ‘এস্তাদিও দে ভায়েকাস’ দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ও অনিরাপদ অবস্থায় ছিল। একটি পরিদর্শনে স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি—লেজিওনেয়ার্স রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং স্থাপনা ভেঙে পড়ার আশঙ্কা—চিহ্নিত হওয়ার পর স্থানীয় সরকার স্টেডিয়ামটির লাইসেন্স বাতিল করে। এসব সমস্যার জন্য ক্লাবের মালিক ও সভাপতি প্রেসাকে দায়ী করে আসছেন সমর্থকেরা।

অবকাঠামোর যথাযথ রক্ষণাবেক্ষণ ও আধুনিকায়নে ব্যর্থতার অভিযোগে দীর্ঘদিন ধরে প্রেসা সমালোচিত। নিষেধাজ্ঞার কারণে চলতি মৌসুমের প্রথম তিনটি হোম ম্যাচ লেগানেসে খেলতে হয়েছিল রায়োকে। শনিবার প্রথমবার নিজেদের মাঠে ফিরেও ম্যাচ শেষ করতে পারেনি দলটি।

ম্যাচের ১৩তম মিনিটে প্রতিবাদ শুরু করেন সমর্থকেরা। তারা ‘প্রেসা, এখনই চলে যাও’ স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের পাশাপাশি মাঠে কাগজের উড়োজাহাজ ও ছোট রাবারের বল ছোড়েন। রেফারি খেলা বন্ধ করেন। স্টেডিয়ামের মাইকে মাঠে কোনো বস্তু না ছোড়ার অনুরোধ জানানো হয় এবং মাঠকর্মীরা ঘাসে পড়ে থাকা বস্তু সরিয়ে নেন।

প্রায় ১৫ মিনিট পর খেলা শুরু হলেও দক্ষিণ গ্যালারি থেকে আবার বিভিন্ন বস্তু ছোড়া হয়। শেষ পর্যন্ত গোলশূন্য অবস্থায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন রেফারি।

ম্যাচের পর অ্যাথলেটিক বিলবাও জানায়, মাদ্রিদে দলকে সমর্থন দিতে যাওয়া সমর্থকদের সঙ্গে যোগাযোগ করে টিকিটের অর্থ ফেরতের ব্যবস্থা করবে তারা।

গত মৌসুমেও রায়ো ভায়েকানোর মাঠ ও অনুশীলন-সুবিধা নিয়ে খেলোয়াড়েরা অসন্তোষ জানিয়েছিলেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন প্রকাশিত খেলোয়াড়দের এক চিঠিতে মাঠকে ‘খেলার অনুপযোগী’ বলা হয়। ড্রেসিংরুমের গোসলখানায় গরম পানির অভাব ও অপর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার কথাও সেখানে উল্লেখ ছিল।

সমর্থকদের টিকিট কিনতেও ভোগান্তিতে পড়তে হয়। স্পেনের শীর্ষ ফুটবল লিগে খেলা একমাত্র ক্লাব হিসেবে রায়ো ভায়েকানোর টিকিট বিক্রির কোনো ওয়েবসাইট নেই; তাই স্টেডিয়ামের ছোট কাউন্টারের সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়াতে হয়। চলতি মৌসুমে লা লিগার প্রথম সাত ম্যাচে দুটি জয় নিয়ে পয়েন্ট তালিকার ১৩তম স্থানে রয়েছে ক্লাবটি।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram