Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

একই দিনে জন্মদিন অমিতাভ বচ্চন ও অপু বিশ্বাসের

একই দিনে জন্মদিন অমিতাভ বচ্চন ও অপু বিশ্বাসের

অনলাইন ডেস্ক: দুজনেই ‘এবি’—দুজনেই সিনেমার মানুষ। একজন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন, অন্যজন ঢাকাই সিনেমার অভিনেত্রী অপু বিশ্বাস। খ্যাতির বিস্তারে বড় পার্থক্য থাকলেও জন্মতারিখে তারা একই দিনে মিলেছেন; দুজনেরই জন্মদিন ১১ অক্টোবর।

প্রতি বছরের মতো এবারও জন্মদিনে ভক্ত ও সতীর্থদের শুভেচ্ছা পাচ্ছেন অমিতাভ বচ্চন ও অপু বিশ্বাস। অপু মধ্যরাতে ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন শুরু করেন। কেকটিতে লেখা ছিল, ‘হ্যাপি বার্থডে মম। আই লাভ ইউ।’

এর আগে একটি ভিডিও প্রকাশ করে জন্মদিনের আগাম বার্তা দেন ‘কোটি টাকার কাবিন’ অভিনেত্রী। সাদাকালো আবহের ওই ভিডিওতে কেক হাতে দেখা যায় তাকে। ভিডিওর সঙ্গে অপু লিখেছেন, ‘আরও হাসি, শিক্ষা আর ভালোবাসায় ভরে থাকুক এই বছর।’

অন্যদিকে জন্মদিনের সকালে এক্স-এ বার্তা দেন অমিতাভ বচ্চন। ১৯৪২ সালের ১১ অক্টোবর ভারতের এলাহাবাদে জন্ম নেওয়া এই অভিনেতা জীবনের ৮৪ বছর পূর্ণ করেছেন। তার বাবা কবি হরিবংশ রাই বচ্চন এবং মা সমাজকর্মী তেজি বচ্চন। অমিতাভের আসল নাম অমিতাভ শ্রীবাস্তব; পরে বাবার পরামর্শে মায়ের বচ্চন পদবী যুক্ত করেন তিনি।

১৯৬৯ সালে মৃণাল সেনের ‘ভুবন সোম’ সিনেমায় ভয়েস ন্যারেটর হিসেবে অমিতাভের চলচ্চিত্রযাত্রা শুরু হয়। একই বছরে ‘সাত হিন্দুস্তানি’ সিনেমায় অভিনয়ে অভিষেক হয় তার। এরপর দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘শোলে’, ‘দিওয়ার’, ‘ডন’, ‘কুলি’, ‘শাহেনশাহ’, ‘বীর-জারা’সহ বিভিন্ন সিনেমায় অভিনয়ের জন্য তিনি পরিচিত। জাতীয় পুরস্কারে চারবার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান এবং ১৬টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন অমিতাভ। এছাড়া পদ্মশ্রী, পদ্ম ভূষণ, পদ্ম বিভূষণ ও দাদাসাহেব ফালকে পুরস্কারও পেয়েছেন তিনি।

অপু বিশ্বাসের আসল নাম অবন্তী বিশ্বাস। ১৯৮৯ সালের ১১ অক্টোবর বগুড়ায় জন্ম তার। ২০০৫ সালে আমজাদ হোসেনের ‘কাল সকালে’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে অভিষেক হয় অপুর। পরের বছর ‘কোটি টাকার কাবিন’ সিনেমার মাধ্যমে তারকা খ্যাতি পান তিনি। শাকিব খানের সঙ্গে জুটি হয়ে বেশ কয়েকটি সফল সিনেমায় অভিনয় করেছেন অপু। বর্তমানে সিনেমার পাশাপাশি ব্যক্তিগত ব্যবসা ও পরিবার নিয়েও ব্যস্ত এই অভিনেত্রী।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram