Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ভারত সিরিজের পুরোটা থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ও’রুর্ক

ভারত সিরিজের পুরোটা থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের ও’রুর্ক

অনলাইন ডেস্ক: ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড আগেই ঘোষণা করেছিল নিউজিল্যান্ড। হ্যামস্ট্রিং ও মাংসপেশির চোটে থাকায় উইলিয়াম ও’রুর্ককে সেই দলে রাখা হয়নি। তবে পরবর্তী ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য বিবেচনায় ছিলেন ডানহাতি এই পেসার। এবার তিন ফরম্যাটের পুরো ভারত সিরিজ থেকেই ছিটকে গেছেন ও’রুর্ক।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ২৫ বছর বয়সী এই পেসার এখনো চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। কোচ রব ওয়াল্টার বলেন, নিউজিল্যান্ডের মাটিতে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ মিস করা ও’রুর্কের জন্য হতাশাজনক।

ওয়াল্টারের ভাষ্য অনুযায়ী, ও’রুর্কের ওয়ানডে ও টেস্ট—দুই সিরিজেই খেলার কথা ছিল। তবে পরবর্তী আলোচনায় তার পুনর্বাসনে আরও সময় দেওয়া এবং নিরাপদে বোলিংয়ের চাপ বাড়ানোর বিষয়ে সবাই একমত হয়েছেন।

এর আগে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন নিউজিল্যান্ডের ব্যাটার মার্ক চাপম্যান ও পেসার জ্যাক ফকস।

চোটের কারণে দীর্ঘ বিরতি

পিঠের হাড়ে স্ট্রেস ফ্র্যাকচারের চোটে সাত মাস মাঠের বাইরে থাকার পর গত এপ্রিলে বাংলাদেশ সফরের সময় ফিরেছিলেন ও’রুর্ক। জুনে ইংল্যান্ড সফরে তিনটি টেস্ট খেললেও নটিংহ্যামে তৃতীয় টেস্টের শেষ দিনে আবার হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠ ছাড়েন।

এরপর আর কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি ৪১টি আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করা এই পেসার। আগস্টে অনুশীলনের সময় পায়ের নিচের অংশের পেশিতে চোট পাওয়ায় তার মাঠে ফেরার সময় আরও পিছিয়ে যায়।

ক্রাইস্টচার্চে আগামী ২২ অক্টোবর ভারত-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে। সিরিজটি চলবে ১ নভেম্বর পর্যন্ত। এরপর ৪ থেকে ১৫ নভেম্বর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরে দুটি টেস্ট খেলবে দুই দল।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram