অনলাইন ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দিরে ৩৫ হাজার মুক্তা দিয়ে সাজানো হচ্ছে ১৩টি প্রতিমা। ব্যতিক্রমী এ সাজসজ্জা দেখতে পূজার আগেই মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা। প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন চলছে শেষ মুহূর্তের রং ও অলংকরণের কাজ।
বুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত মন্দিরটিতে প্রতিমার শরীর ও অলংকারে নিপুণভাবে মুক্তা বসানোর কাজ চলছে। এতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পী ও কারিগরেরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৩টি প্রতিমা তৈরিতে ব্যয় হচ্ছে প্রায় ৪ লাখ টাকা।
দক্ষিণ বড়দল গ্রামের বাসিন্দা নির্মল মণ্ডলের ছেলে প্রতিমাশিল্পী প্রকাশ মণ্ডল গত ৫ জুলাই প্রতিমা তৈরির কাজ শুরু করেন। প্রায় আড়াই মাস ধরে চারজন শিল্পী কাঠামো তৈরি, মাটির কাজ, রং ও মুক্তার কারুকার্য ফুটিয়ে তোলার কাজ করছেন।
প্রকাশ মণ্ডল বলেন, প্রতিবছর প্রতিমায় নতুনত্ব আনার চেষ্টা করা হয়। এবার দক্ষিণ ভারতীয় সিনেমায় দেখা কয়েকটি মূর্তির নকশার সঙ্গে নিজেদের পরিকল্পনা মিলিয়ে প্রতিমা তৈরি করা হয়েছে। চারজন শিল্পীর ৫২ দিনের পরিশ্রমে ১৩টি প্রতিমায় প্রায় ৩৫ হাজার মুক্তা ব্যবহার করা হচ্ছে। তাঁর ভাষ্য, কাজের প্রায় ৯৭ শতাংশ শেষ হয়েছে।
বুড়িয়া সার্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অর্ধেন্দু মণ্ডল বলেন, ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি প্রতিবছর নতুন কিছু করার চেষ্টা করা হয়। এবার মুক্তার কারুকার্যের মাধ্যমে প্রতিমায় ভিন্নতা আনা হয়েছে।
কমিটির সাধারণ সম্পাদক প্রবীর মণ্ডল জানান, প্রতিমা তৈরির কাজ দেখতে পূজার আগেই অনেকে মণ্ডপে আসছেন। পূজার পাঁচ দিন সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে প্রস্তুতি নেওয়া হচ্ছে। ১৭ অক্টোবর ষষ্ঠীর বোধনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে তা শেষ হবে। অষ্টমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নবমীতে ধর্মীয় যাত্রাপালার আয়োজন রয়েছে।
বিজয়া দশমীতে বড়দল ইউনিয়নে ঐতিহ্যবাহী বুড়িয়া আড়ং মেলা অনুষ্ঠিত হবে। আয়োজকদের মতে, আশপাশের প্রায় ১০টি মণ্ডপের প্রতিমা একত্র করে সেখানে বিসর্জন দেওয়া হবে। মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিয়ে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার দল প্রস্তুত রাখা হয়েছে।
আশাশুনি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত কুমার বৌদ্দ জানান, এ বছর উপজেলায় মোট ১০৬টি মন্দিরে দুর্গাপূজা হবে। বিভিন্ন মণ্ডপে ব্যতিক্রমী প্রতিমা ও নান্দনিক সাজসজ্জার আয়োজন করা হয়েছে। এর মধ্যে বুড়িয়ার মুক্তার কারুকাজ দর্শনার্থীদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।

