Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

মেসিকে স্পেনের হয়ে খেলাতে চেয়েও ব্যর্থ হওয়ার গল্প জানালেন মেলেন্দেজ

মেসিকে স্পেনের হয়ে খেলাতে চেয়েও ব্যর্থ হওয়ার গল্প জানালেন মেলেন্দেজ

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে লিওনেল মেসির আবেগঘন বিদায়ের দু’দিন পর স্পেনের হয়ে তাকে খেলাতে চাওয়ার একটি পুরোনো গল্প সামনে এসেছে। স্পেনের বয়সভিত্তিক দলের সাবেক সমন্বয়ক গিনেস মেলেন্দেজ জানিয়েছেন, বার্সেলোনার যুব দলে খেলার সময় মেসিকে স্পেনের হয়ে খেলতে রাজি করানোর চেষ্টা করা হলেও তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন এবং আর্জেন্টিনার হয়েই খেলতে চেয়েছিলেন।

রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) পক্ষ থেকে করা সেই চেষ্টার স্মৃতি স্মরণ করেছেন মেলেন্দেজ। স্প্যানিশ গণমাধ্যম ওন্দা সেরোর ‘রাদিওএস্তাদিও নোচে’ অনুষ্ঠানে তিনি বলেন, ১২ বছর বয়সে প্রথম মেসিকে দেখে তার মনে হয়েছিল, যেন কোনো কার্টুনের চরিত্র মাঠে নেমেছে। বল পায়ে নিয়ে মেসি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটতেন এবং ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে পরাস্ত করতেন।

মেলেন্দেজের তথ্যমতে, তখন বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় মেসি নিজের প্রতিভার পরিচয় দিচ্ছিলেন। একই প্রজন্মের খেলোয়াড়দের মধ্যে ছিলেন জেরার্ড পিকে ও সেস ফাব্রেগাস। মেসিকে স্পেনের হয়ে খেলানোর চেষ্টায় তার ঘনিষ্ঠ সতীর্থদেরও কাজে লাগানো হয়েছিল।

স্পেন অনূর্ধ্ব-১৫ দলের তৎকালীন কোচ মেলেন্দেজ জানান, আরএফইএফ তাকে আর্জেন্টাইন কিশোরটিকে স্পেনের হয়ে খেলতে রাজি করানোর দায়িত্ব দিয়েছিল। ইংল্যান্ডে ১৪ বছর বয়সী খেলোয়াড়দের একটি টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগের কথাও তাকে বোঝানো হয়েছিল। তবে কোনো প্রচেষ্টাই সফল হয়নি।

একই সাক্ষাৎকারে ২০০৩ সালের একটি ঘটনাও উল্লেখ করেন মেলেন্দেজ। ফিনল্যান্ডে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে দেশটির কোচ হুগো তোকাল্লির সঙ্গে তার দেখা হয়। মেলেন্দেজ মজা করে বলেছিলেন, মেসিকে দলে না নেওয়ায় আর্জেন্টিনা হারবে। জবাবে তোকাল্লি জানান, মেসির একটি ভিডিও দেখে তাকে প্রথমবারের মতো দলে ডাকার জন্য একটি ম্যাচ আয়োজন করবেন।

এরপর ২০০৪ সালের ২৯ জুন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল একটি প্রীতি ম্যাচে প্যারাগুয়েকে ৮-০ গোলে হারায়। মেসির ভবিষ্যৎ আন্তর্জাতিক ক্যারিয়ার নিশ্চিত করার লক্ষ্যেই ম্যাচটি আয়োজন করা হয়েছিল। ওই ম্যাচে ১৭ বছর বয়সী মেসি একটি গোল করেন এবং দুটি গোলে সহায়তা দেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram