Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

করোনা টিকার জাল সনদ দেওয়ায় গ্রানিত জাকার দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা

করোনা টিকার জাল সনদ দেওয়ায় গ্রানিত জাকার দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে করোনা মহামারি ছড়িয়ে পড়ার সময় বিদেশ ভ্রমণসহ বিভিন্ন কাজে টিকা গ্রহণের সনদ জমা দিতে হতো। ২০২২ সালে জাল সনদ জমা দেওয়ার ঘটনায় সুইজারল্যান্ডের অধিনায়ক গ্রানিত জাকাকে দেশটির আদালত দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছেন বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার।

তবে আগামী দুই বছরের মধ্যে তিনি আর কোনো অপরাধ না করলে জরিমানাটি কার্যকর হবে না। আদালতের খরচ অবশ্য ইতিমধ্যে পরিশোধ করেছেন জাকা।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জাকা জানান, তিনি নিজের সিদ্ধান্তের দায় নিচ্ছেন। জাল সনদ সংগ্রহের দায়ে সংক্ষিপ্ত বিচারিক আদেশে তাকে প্রতিদিন ৩ হাজার সুইস ফ্রাঁ হারে ৫০ দিনের জরিমানা দেওয়া হয়েছে, যা স্থগিত করা হয়েছে।

২০২২ সালে ভুয়া কোভিড টিকা সনদ সংগ্রহের সময় জাকা আর্সেনালের হয়ে খেলতেন। গত ২১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছিলেন, কোভিড টিকা নিয়ে তার অবিশ্বাস ছিল। উদ্বেগ ও অনিশ্চয়তার প্রভাবেও তিনি ওই সিদ্ধান্ত নেওয়ার কথা স্বীকার করেন।

সুইজারল্যান্ডের জনস্বাস্থ্য দপ্তর জানিয়েছে, কোভিড টিকাসনদ সংগ্রহ বা নিজের কাছে রাখা দেশটিতে সবার জন্য আইনগতভাবে বাধ্যতামূলক ছিল না। তবে বিভিন্ন কার্যক্রম, স্থাপনা ও ভ্রমণের ক্ষেত্রে সনদটি প্রয়োজন হওয়ায় তা না থাকলে অংশগ্রহণ সীমিত হয়ে যেত।

সুইজারল্যান্ডের হয়ে রেকর্ড সর্বোচ্চ ১৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন জাকা। সাম্প্রতিক বিবৃতির পর সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতে নেশন্স লিগের ম্যাচগুলোর জন্য তিনি জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে নেন। ওই সময়ে স্কটল্যান্ড, উত্তর মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার বিপক্ষে খেলা চার ম্যাচেই জয় পায় সুইজারল্যান্ড।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram