Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের গাইনি ওয়ার্ড থেকে তিন দিন বয়সী এক নবজাতক (ছেলে) চুরি হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে রোগীর স্বজনের ছদ্মবেশে থাকা এক অজ্ঞাতপরিচয় নারী সহযোগিতার কথা বলে শিশুটিকে মায়ের কোল থেকে নিয়ে পালিয়ে যান বলে পরিবারের অভিযোগ।

চুরি হওয়া শিশুটি জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা গ্রামের শামীম মিয়া ও মরিয়ম বেগম দম্পতির প্রথম সন্তান। পরিবারের সদস্যরা জানান, গত সোমবার প্রসববেদনা নিয়ে মরিয়মকে জেলা সদর হাসপাতালের গাইনি বিভাগে ভর্তি করা হয়। পরদিন মঙ্গলবার দুপুরে তিনি পুত্রসন্তানের জন্ম দেন।

পরিবারের ভাষ্য, বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতপরিচয় ওই নারী অন্য এক রোগীর স্বজন পরিচয়ে মরিয়ম ও তার মায়ের সঙ্গে কথা বলে সখ্য গড়ে তোলেন। পরে মরিয়মের পেটে ব্যথা শুরু হলে সহযোগিতার কথা বলে শিশুটিকে কোলে নেন তিনি। এরপর শিশুটিকে নিয়ে দ্রুত সেখান থেকে চলে যান।

শিশুটির নানি মমতাজ বেগমও জানান, ওই নারী প্রথমে অন্য রোগীর স্বজন পরিচয় দিয়ে তাদের সঙ্গে কথা বলেন। পরে মরিয়মের পেটব্যথার সময় শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যান।

শিশুটির মা মরিয়ম বেগম সন্তানকে উদ্ধারে সরকার ও পুলিশের কাছে অনুরোধ জানিয়েছেন।

ঘটনার পর পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা হাসপাতালে গিয়ে তদন্ত শুরু করেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, পুলিশ ভিকটিমের পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলেছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে। ওই নারীকে শনাক্ত এবং শিশুটিকে উদ্ধারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram