Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রির অভিযোগ আর্জেন্টাইন কোচের বিরুদ্ধে

ব্রাজিলিয়ানদের কাছে ভুয়া কোচিং লাইসেন্স বিক্রির অভিযোগ আর্জেন্টাইন কোচের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল কোচেস অ্যাসোসিয়েশনের (এটিএফএ) ভেতরে একটি ‘সনদ বিক্রি চক্রের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগ উঠেছে আলেহান্দ্রো মানকুসোর বিরুদ্ধে। একসময় তিনি কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার সহকারী কোচ ছিলেন। অভিযোগ রয়েছে, তার মাধ্যমে থিয়াগো সিলভা, ফেলিপে মেলোসহ আরও অনেক সাবেক ফুটবলার কোচিংয়ের সনদ পেয়েছেন।

মানকুসো আর্জেন্টিনার সাবেক ফুটবলার এবং ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ম্যারাডোনার সহকারী কোচ ছিলেন। তার বিরুদ্ধে এটিএফএতে ভুয়া সনদ বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, সাবেক খেলোয়াড়দের কোনো কোচিং কোর্স না করেই লাইসেন্স পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হতো। এমনকি ১০ দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার কথাও বলা হতো।

সংবাদমাধ্যম ইউওএলের এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, আর্জেন্টিনার একটি মর্যাদাপূর্ণ কোচিং শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে পরিচালিত ‘লাইসেন্সিং মাফিয়া’র অংশ হতে পারেন মানকুসো। প্রকাশিত একটি অডিও রেকর্ডিংয়ে অভিযুক্ত ব্যক্তিকে বলতে শোনা যায়, ফুটবল খেলা সাবেক তারকাদের তিন বছরের অনলাইন কোর্স না করেই লাইসেন্স পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, মানকুসোর মাধ্যমে লাইসেন্স পাওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন থিয়াগো সিলভা, লুইজ গুস্তাভো, দিয়েগো লুগানো, পাওলো গুয়েরেরো, রবার্তো কার্লোস, ফেলিপে মেলো, অ্যালেক্স ডি সুজা, পেতকোভিচ ও পাওলিনহো। এসব সনদ প্রায় তাৎক্ষণিকভাবে পেতে আবেদনকারীদের ১ লাখ ব্রাজিলিয়ান রিয়াল দিতে হতো বলেও অভিযোগ করা হয়েছে।

ব্রাজিলের ফুটবলারদের সনদ হাতে থাকা একটি ছবিতে থিয়াগো সিলভার সনদ দেখা যায়। সনদটিতে ডিসেম্বর ২০২৩ তারিখ উল্লেখ ছিল। এতে স্বাক্ষর ছিল ভিক্টর কোকোর, যিনি ২০২০ সালে এটিএফএর পরিচালকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন।

অভিযোগের বিষয়ে মানকুসো বলেছেন, ব্রাজিলের অনেকে তার সঙ্গে যোগাযোগ করে লাইসেন্স পাওয়ার প্রক্রিয়া জানতে চান। তিনি তাদের ফেডারেশনের যোগাযোগের তথ্য দেন এবং দাবি করেন, তিনি ফেডারেশনের সদস্য বা কোনো অংশ নন; শুধু বিষয়টি সহজ করে দেন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram