অনলাইন ডেস্ক: যুক্তরাজ্যে ভিন্ন দুটি সংগীতানুষ্ঠানে অংশ নিতে ঢাকা ছেড়েছেন প্রখ্যাত কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। গত রোববার (৪ অক্টোবর) সকাল ৭টা ৪০ মিনিটের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, আগামী ১১ অক্টোবর লন্ডনের একটি অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন সাবিনা ইয়াসমিন। এরপর ১৫ অক্টোবর স্কটল্যান্ডের একটি অনুষ্ঠানে গান করবেন তিনি।
এই সফরে তার সঙ্গে যন্ত্রশিল্পী হিসেবে রয়েছেন তবলাবাদক চন্দন দত্ত, লিড গিটারে মনোয়ার হোসেন টুটুল এবং কি-বোর্ডে পার্থপ্রতিম বাপ্পী।
লন্ডনের আয়োজনটি সম্পর্কে সাবিনা ইয়াসমিন জানান, যুক্তরাজ্যে বসবাসরত বাঙালি সংস্কৃতিপ্রেমীদের জন্য এটি অন্যতম একটি বার্ষিক আয়োজন। প্রবাসী প্রজন্মের সামনে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতি তুলে ধরা এবং তাদের শিকড়ের সঙ্গে সংযোগ বজায় রাখাই আয়োজনটির মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
গত বছরও এই উৎসবে গান করেছিলেন সাবিনা ইয়াসমিন। দুটি অনুষ্ঠান শেষে আগামী ১৮ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।
১১ অক্টোবরের একই অনুষ্ঠানে বাংলাদেশ থেকে জনপ্রিয় সংগীতশিল্পী ফেরদৌস ওয়াহিদও অংশ নেবেন। অনুষ্ঠান শেষে আগামী ১৪ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

