অনলাইন ডেস্ক: কানাডার অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসব ‘মোজাইক ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ এক যুগ ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের জন্য নতুন সম্ভাবনার মাঠ হয়ে ওঠা এই উৎসবের ১২তম আসরে বাংলাদেশের সিনেমা ‘রইদ’ তিনটি পুরস্কার পেয়েছে।
‘রইদ’ সিনেমায় সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নাজিফা তুষি। এ ছাড়া সিনেমাটি সেরা সিনেমাটোগ্রাফি ও সেরা সংগীতের পুরস্কারও জিতেছে।
তিনটি পুরস্কার পাওয়ার খবরে ‘রইদ’ টিমের সদস্যরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমনসহ সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দের কথা জানিয়েছেন।
উৎসবের এই আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নেপালের ‘এলিফ্যান্টস ইন দ্য ফগ’। এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগা বিভাগে জুরি পুরস্কার পেয়েছিল।
এর আগে নেদারল্যান্ডসের রটারড্যাম উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নিয়েছিল ‘রইদ’। সিনেমাটি আরও বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চলতি বছর অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগের জন্য বাংলাদেশ থেকে ‘রইদ’ পাঠানো হয়েছে।
‘রইদ’ সিনেমায় গ্রামীণ প্রেক্ষাপটে অ্যাডাম-ইভের পৌরাণিক গল্পের আশ্রয়ে রহস্যময় এক উপাখ্যান তুলে ধরেছেন মেজবাউর রহমান সুমন। এতে নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত ও আহসাবুল ইয়ামিন রিয়াদ।

