অনলাইন ডেস্ক: ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে শেরফানে রাদারফোর্ডের আউট বড় ধরনের বিতর্ক তৈরি করেছে। এ ঘটনায় আলোচনার কেন্দ্রে রয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত।
অনফিল্ড আম্পায়ার রাদারফোর্ডকে আউট দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার রিভিউ নেন। ডিআরএসে সিদ্ধান্ত বদলায়নি। তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলার ওই সিদ্ধান্ত নিয়েই এখন আলোচনা চলছে।
ঘটনাটি ঘটে ৩০তম ওভারের শেষ বলে। নামান ধীরের বলে রাদারফোর্ড কাট শট খেলার চেষ্টা করেন। বলটি লোকেশ রাহুলের হাতে ধরা পড়লে ভারত কট বিহাইন্ডের আবেদন করে। অনফিল্ড আম্পায়ার আঙুল তুলে আউটের সিদ্ধান্ত দেন। এরপর দ্রুত রিভিউ নেন বাঁহাতি ব্যাটার রাদারফোর্ড।
রিপ্লেতে বল ব্যাট অতিক্রমের সময় স্পাইক দেখা যায়। এরপর বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা আউটের সিদ্ধান্ত বহাল রাখেন। তবে এই রায়ে সন্তুষ্ট ছিলেন না রাদারফোর্ড। সিদ্ধান্ত ঘোষণার পর তাঁর চোখেমুখে বিস্ময় দেখা যায় এবং তিনি আম্পায়ারের কাছে অভিযোগ করেন।
ক্রিকেটভক্তদের অনেকেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তাঁদের কেউ কেউ দাবি করেছেন, স্পাইক দেখা যাওয়ার সময় ব্যাট ও বলের মধ্যে ফাঁকা ছিল। তাঁদের মতে, ব্যাট প্যাডে আঘাত করার কারণেই স্পাইক তৈরি হয়েছিল।
রাদারফোর্ড আউট হলেও শাই হোপের অনবদ্য ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে হোয়াইটওয়াশ করতে দেয়নি। ১০ বল হাতে রেখে ৩৫২ রানের লক্ষ্য পেরিয়ে যায় দলটি।

