অনলাইন ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ৪৮ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও ২ জনের মৃত্যু হয়েছে। তাদের ২ জনেরই মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (৪ অক্টোবর) রামেক হাসপাতালের সর্বশেষ ডেঙ্গু আপডেট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে ৬১ জন ছাড়পত্র পেয়েছেন।
দুই রোগীর মৃত্যু
৩ অক্টোবর মারা যাওয়া রোগী মো. সাদেকের বয়স ৩৫ বছর। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। গত ৩০ সেপ্টেম্বর দুপুর ১২টা ১০ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ৩ অক্টোবর সকাল ৭টা ১৮ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।
এর আগে ২ অক্টোবর মারা যান মোসা. মারজিনা বেগম। তার বয়স ৫৯ বছর। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা এই গৃহিণী ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ২ অক্টোবর সকাল ৯টা ৫৭ মিনিটে তার মৃত্যু হয়। তার মৃত্যুর কারণও ডেঙ্গু শক সিন্ড্রোম হিসেবে উল্লেখ করা হয়েছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং ৬১ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

