অনলাইন ডেস্ক: এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে তুলনামূলক দুর্বল পাকিস্তানের কাছে বাজেভাবে হেরে ফাইনালের স্বপ্ন ভেস্তে গিয়েছিল বাংলাদেশের। তবুও টিকেছিল ব্রোঞ্জ পদকের আশা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটিতেও বাংলাদেশের অবস্থা সুবিধাজনক নয়। শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় খেলতে নেমে দলের তিন টপ অর্ডারই ফিরলেন শূন্য রানে।
দলীয় ৪ রানেই বাংলাদেশ হারায় প্রথম তিন টপ অর্ডারকে। ওপেনার সাইফ হাসান নুয়ান থুসারার প্রথম ওভারের শেষ বলে ক্যাচ দিয়ে ফেরেন। দ্বিতীয় ওভারে থারিন্দু রত্ননায়েকের বলে দ্বিতীয় বলেই ক্যাচ দেন তানজিদ হাসান তামিম। অধিনায়ক লিটন দাস থুসারার প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে মাঠ ছাড়েন।
এরপর আগের ম্যাচে চ্যালেঞ্জিং পুঁজি এনে দেওয়া তাওহীদ হৃদয় দুটি চারে আশার সঞ্চার করলেও ৬ বলে ১১ রান করে রত্ননায়েকের বলে ক্যাচ দেন। এতে ১৮ রানে বাংলাদেশের চতুর্থ উইকেট পড়ে।
শ্রীলঙ্কার ইনিংস
এর আগে প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কা শুরুতে চাপে থাকলেও শেষদিকে ঘুরে দাঁড়ায়। থারিন্দু রত্ননায়েকের ৩২ বলে ৬৫ রানের ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে তারা।
বাংলাদেশের হয়ে শেখ মেহেদী ২টি এবং আলিস আল ইসলাম ১টি উইকেট নেন। মুস্তাফিজুর রহমান ৩ ওভারে ৪৩ রানে ২টি, সাইফ হাসান ২৮ রানে ২টি এবং রিশাদ হোসেন ৪ ওভারে ৪৬ রানে ১টি উইকেট নেন।

