অনলাইন ডেস্ক: কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘শঙ্খ সকাল প্রকৃতি’। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন প্রখ্যাত নির্মাতা অরুণ চৌধুরী। এতে কেন্দ্রীয় ‘প্রকৃতি’ চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। চ্যানেল আইয়ের ২৮ বছরে পদার্পণ উপলক্ষে নির্মিত নাটকটির দৃশ্যধারণ সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে।
নাটকটিতে মৌয়ের পাশাপাশি ‘শঙ্খ’ ও ‘সকাল’ চরিত্রে অভিনয় করেছেন আহসান হাবিব নাসিম ও গোলাম কিবরিয়া তানভীর। বিশেষ একটি চরিত্রে যুক্ত হয়েছেন ফারজানা চুমকি। নির্মাতা ও অভিনয়শিল্পীরা জানিয়েছেন, গল্পে নৈতিক মূল্যবোধ ও পারিবারিক আবহ ফুটে উঠেছে।
সাদিয়া ইসলাম মৌ জানান, গল্প ও চরিত্রের বৈচিত্র্যের কারণে তিনি নাটকটিতে অভিনয়ে আগ্রহী হয়েছেন। ভালো গল্পে কাজ করা এবং ভিন্নধর্মী চরিত্রে নিজেকে উপস্থাপনের চেষ্টা থেকেই কাজটি করেছেন বলে জানান তিনি। নাটকটি প্রচারে এলে দর্শকের প্রতিক্রিয়া বোঝা যাবে, তবে কাজটি নিয়ে তিনি আশাবাদী।
আহসান হাবিব নাসিম জানান, অরুণ চৌধুরীর নির্মাণে তিনি আগেও কাজ করেছেন এবং এই নাটকের গল্পে সুন্দর একটি নৈতিক বার্তা রয়েছে। গোলাম কিবরিয়া তানভীর বলেন, ছোটবেলা থেকে সাদিয়া ইসলাম মৌয়ের অভিনয় দেখে বড় হয়েছেন; তাঁর বিপরীতে অভিনয় করা নিজের জন্য দারুণ অভিজ্ঞতা।
নাটকটি খুব শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে।

