Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১ হাজার ৪০০ শিক্ষার্থী

সিরাজগঞ্জ মহাসড়কে উল্টো পথে বাস, ঝুঁকিতে ১ হাজার ৪০০ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক: উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জ মহাসড়কে প্রতিদিন উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার প্রায় ২২ থেকে ২৫ হাজার যানবাহন চলাচল করে। ব্যস্ত এই মহাসড়কের সিরাজগঞ্জ অংশের দুই প্রান্তে গড়ে ওঠা একাধিক হোটেল ও রেস্টুরেন্টে যাত্রাবিরতির জন্য বিভিন্ন পরিবহনের শতাধিক যানবাহন নির্ধারিত লেন অতিক্রম করে উল্টো পথে চলাচল করছে বলে অভিযোগ উঠেছে। এতে মহাসড়কের বিভিন্ন অংশে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

সিরাজগঞ্জ মহাসড়কের পাঁচলিয়া এলাকায় দেখা গেছে, ঢাকামুখী একাধিক কোম্পানির বাস ঢাকামুখী লেন ব্যবহার না করে বাঁক নিয়ে উত্তরবঙ্গমুখী লেনে প্রবেশ করছে। পরে হোটেল ও রেস্টুরেন্টে যাত্রাবিরতি শেষে বাসগুলো আবার উল্টো পথে পাঁচলিয়া এলাকা থেকে বাঁক নিয়ে ঢাকার দিকে যাচ্ছে।

পাঁচলিয়া এলাকায় পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচলিয়া বদরুল আলম উচ্চ বিদ্যালয় রয়েছে। দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী প্রতিদিন মহাসড়ক পারাপার হয়। উত্তরবঙ্গমুখী লেন দিয়ে ঢাকামুখী যানবাহন চলাচল করায় শিক্ষার্থী ও পথচারীদের পারাপারে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। অনেক সময় বাম বা ডান দিক থেকে যানবাহন আসছে কি না, সেটিও বোঝা যায় না বলে স্থানীয়রা জানান।

এক শিক্ষার্থী জানায়, দুই দিক থেকেই গাড়ি আসায় রাস্তা পার হতে ভয় লাগে। আরেক শিক্ষার্থী মো. আরমান বলে, শিক্ষকদের ছাড়া তারা রাস্তা পার হতে পারে না। নিয়ম মেনে যানবাহন চলাচল এবং পুলিশের উপস্থিতি থাকলে সুবিধা হতো।

রিকশাচালক রফিক খান বলেন, হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জ হওয়ার পর থেকে বাসগুলো উল্টো পথে হোটেলে যাচ্ছে। এতে পাঁচলিয়া আন্ডারপাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

পাঁচলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, দুই বিদ্যালয়ের প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী মহাসড়ক পার হয়। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষার্থীদের পার করে দেওয়া হলেও তারা আলাদাভাবে আসার সময় ঝুঁকিতে পড়ে। বিষয়টি বিভিন্নজনকে জানানো হলেও ফলপ্রসূ হয়নি বলে তিনি জানান।

স্থানীয় সূত্র ও সরেজমিনে জানা যায়, দেশ, ন্যাশনাল, হানিফ, শ্যামলি, আসাদ, সি লাইন ও সরকার ট্রাভেলসের বাস এসব হোটেল ও রেস্টুরেন্টে যাত্রাবিরতি করে। উল্টো পথে চলাচলের বিষয়ে কথা বলতে বাসচালকরা রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে এক চালক বলেন, মালিকপক্ষের নির্দেশেই তারা ওই রেস্টুরেন্টে দাঁড়ান।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান বলেন, কিছু গাড়ি দাঁড়ানোর বিষয়টি পুলিশের নজরে এসেছে। তাঁর দাবি, মূল লেন খালি থাকে এবং সার্ভিস লেনে কিছু গাড়ি আসে; সামান্য অংশে উল্টো লেন ব্যবহার করা হয়। মালিকদের সঙ্গে কথা বলার পর এর সংখ্যা কমছে এবং বিষয়টি সমাধান হবে বলে তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram