অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির পাহাড়ে জুম ধান কাটার মৌসুমে ব্যস্ত সময় পার করছেন জুমিয়ারা। পাহাড়ের ঢালে ঢালে পাকা ধান ঘরে তোলার প্রস্তুতি চলছে। কোথাও ধান কাটা হচ্ছে, কোথাও চলছে মাড়াই ও ফসল সংগ্রহ। তবে এই ব্যস্ততার আড়ালে রয়েছে পাহাড়ের ঐতিহ্যবাহী জুম চাষের ক্রমসংকোচনের চিত্র। একদিকে জুমে এ বছর ভালো ফলনের খবর পাওয়া যাচ্ছে, অন্যদিকে চাষের জমি কমে যাওয়া, উৎপাদন ব্যয় বৃদ্ধি, শ্রমিক সংকট এবং নতুন প্রজন্মের অনাগ্রহে এই কৃষিপদ্ধতি টিকে থাকা নিয়ে উদ্বেগ বাড়ছে।
কৃষি সম্প্রসারণ বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরে খাগড়াছড়িতে প্রায় ২ হাজার ৫০০ হেক্টর পাহাড়ে জুম চাষ হয়েছিল। চলতি বছরে চাষের পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় ১ হাজার ১৫০ হেক্টরে। অর্থাৎ পাঁচ বছরের ব্যবধানে জুম চাষের জমি কমেছে ১ হাজার ৩৫০ হেক্টর বা প্রায় ৫৪ শতাংশ।
জমি ও শ্রমিক সংকটে চাষিরা
জুম চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, জমির স্বল্পতা, পাহাড়ে ঘরবাড়ি সম্প্রসারণ, ফলজ বাগান গড়ে তোলা এবং কৃষিকাজের ব্যয় বৃদ্ধির কারণে অনেক পরিবার আগের মতো জুম চাষ করতে পারছে না। যারা এখনো এ পেশায় আছেন, তাদেরও উৎপাদন খরচ ও শ্রমিকের মজুরি নিয়ে হিমশিম খেতে হচ্ছে।
সীমানা পাড়া এলাকার জুমচাষি মিলন ত্রিপুরা জানান, এ বছর তিনি তিন হাঁড়ি জুম ধান চাষ করেছেন। তবে আগের তুলনায় ফলন কমেছে। সার ও কীটনাশক ব্যবহারের কারণে খরচ বেড়েছে, কিন্তু সেই তুলনায় লাভ বাড়েনি। তিনি বলেন, নিজস্ব জমি না থাকায় জুম চাষ করে ৩০-৩৫ মণ ধান পেলেও সার, কীটনাশক ও অন্যান্য খরচ বাদ দিয়ে লাভ থাকে না। তার ছেলে-মেয়েরাও জুম চাষে আগ্রহী নয়।
মরাটিলা এলাকার চাষি শান্তি ত্রিপুরা জানান, এ বছর তাদের এলাকায় জুম ধানের ফলন ভালো হয়েছে। তবে চাষের পরিমাণ আগের তুলনায় অনেক কমেছে। তার ভাষ্য, মরাটিলা এলাকায় এ বছর হাতেগোনা কয়েকজন জুম চাষ করেছেন। জনবসতি বৃদ্ধি, পাহাড়ে ঘরবাড়ি ও ফলজ বাগান গড়ে ওঠা এবং শ্রমিক সংকটে জুম ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।
বহুমুখী উৎপাদন ও খাদ্যনিরাপত্তা
জুমে ধানের পাশাপাশি ভুট্টা, তিল, কাউন, মারফা ও মরিচসহ বিভিন্ন ফসল উৎপাদন করা হয়। আলুটিলা এলাকার চন্দ্র কিরণ চাকমা জানান, এখনো অনেক পরিবার জুম চাষের ওপর নির্ভরশীল। সরকারি সহযোগিতা বাড়ানো গেলে এই কৃষিব্যবস্থার সঙ্গে যুক্ত পরিবারগুলো উপকৃত হতে পারে।
জুম চাষের জমি কমে গেলে পরিবারের খাদ্যচাহিদা পূরণে সহায়ক বহুমুখী উৎপাদনের সুযোগও সংকুচিত হয়। এর সঙ্গে পাহাড়ি পরিবারের খাদ্যনিরাপত্তা ও জীবিকার বিষয় জড়িত। অনিশ্চিত আয়, বেশি পরিশ্রম এবং তুলনামূলক কম লাভের কারণে তরুণদের একটি অংশও এই পেশা থেকে সরে যাচ্ছে।
কৃষি বিভাগের সহায়তা
খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক নাসির উদ্দীন চৌধুরী বলেন, পাহাড়ে ফলজ বাগান বেড়ে যাওয়ায় জুম চাষের জমি কমছে। জুমে ধান উৎপাদন বাড়াতে এ বছর চাষিদের পাঁচ কেজি করে ধানের বীজ এবং ২০ কেজি করে রাসায়নিক সার দেওয়া হয়েছে।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের পক্ষ থেকেও বীজ দেওয়া হয়েছে। ব্রি ধান-৮৩, বিনা ধান-১৯ ও বিনা ধান-২১ জাতের ধান জুমে চাষ হয়েছে। তাঁর মতে, এ বছর তিনটি জাতেরই ভালো ফলন হয়েছে এবং ধারাবাহিক বৃষ্টিপাত ফলনে সহায়ক হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তারা আধুনিক জাতের ফসল উৎপাদনে চাষিদের পরামর্শ দিচ্ছেন।
তবে উন্নত বীজ ও সার দিয়ে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জুম চাষের জমি কমে যাওয়ার কারণগুলো মোকাবিলা করাও জরুরি। খাগড়াছড়িতে পাঁচ বছরের ব্যবধানে জুম চাষের জমি প্রায় ৫৪ শতাংশ কমে আসার তথ্য এই পরিবর্তনের ব্যাপকতা তুলে ধরে। এ বছর ভালো ফলন হলেও জমি ও শ্রমের সংকটে চাষিরা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন।

