Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

দুর্গাপুজায় মুক্তির অপেক্ষায় ‘চিরকুট’, প্রকাশিত পোস্টার

দুর্গাপুজায় মুক্তির অপেক্ষায় ‘চিরকুট’, প্রকাশিত পোস্টার

অনলাইন ডেস্ক: নব্বই দশকের রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীদের জীবনযাপন, বন্ধুত্ব, প্রেম-ভালোবাসা ও সত্য ঘটনার স্মৃতি নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরকুট’ আসছে দুর্গাপুজায়। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। সম্প্রতি প্রকাশ করা হয়েছে এর অফিসিয়াল পোস্টার।

পোস্টারে নব্বই দশকের নস্টালজিক আবহের একটি কোলাজ তুলে ধরা হয়েছে। সামাজিক মাধ্যমে পোস্টারটি শেয়ার করে তরুণ নির্মাতা মুনতাসির আকিব লিখেছেন, ‘এই দুর্গাপুজা কাটুক নব্বই দশকের নস্টালজিয়া এবং চিরকুটের সাথে’।

‘সেকালের গল্প, একালের সিনেমা’ শিরোনামকে সামনে রেখে ফিল্ম ম্যানিয়ার ব্যানারে নির্মিত হয়েছে সিনেমাটি। হারিয়ে যাওয়া সময় ও তৎকালীন ক্যাম্পাসের পরিবেশ বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

বর্তমান সময়ে দাঁড়িয়ে নব্বই দশকের ক্যাম্পাসের আবহ পুনর্নির্মাণ নির্মাতার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। সে সময়ের পোশাক, ক্যাম্পাসের পরিবেশ ও সাধারণ জীবনযাপনের নানা অনুষঙ্গ ফুটিয়ে তুলতে প্রযোজনা দলের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছিলেন।

‘চিরকুট’-এর গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মুনতাসির আকিব। নির্বাহী প্রযোজক তানজিল রাফি। চলচ্চিত্রটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা, আজিজুন মিমি, সুমন পাটোয়ারী, রহমান তেহজিব, সিয়াম নাসির, আবদুল্লাহ আল সেন্টু, শাওন আশরাফ, ইকবাল হোসেন, সাদি খান, মাহিরা হাসান, শামীম আহসান, শেখ চাঁদনী ও শিমুল সিদ্দিকী। বিশেষ চরিত্রে দেখা যাবে কাজী নওশাবা আহমেদকে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram