Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক: সাতক্ষীরা শহরের একটি চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের সঙ্গীতা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত জাকারিয়া শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

স্বজনদের তথ্য অনুযায়ী, শুক্রবার রাতে প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় দোকানদারের সঙ্গে এক ব্যক্তির কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা তৈরি হলে জাকারিয়া তা থামাতে এগিয়ে যান।

এ সময় ওই ব্যক্তি জাকারিয়ার বুকে ও পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে স্বজনেরা জানান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাছুম বিল্লাহ শাহীন বলেন, চায়ের দোকানে কথা-কাটাকাটি থামাতে গিয়ে জাকারিয়া ছুরিকাঘাতের শিকার হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্তের চেষ্টা চলছে। তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram