অনলাইন ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে ডেনমার্ক ও পর্তুগালের ম্যাচটি নিয়ে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছিল। নরওয়ের পর ডেনমার্ক ম্যাচেও তাকে বেঞ্চে রাখা হবে, কোচের এমন মন্তব্যের পর ক্যাম্প ছাড়েন সিআরসেভেন। তাকে ছাড়াই ম্যাচটি ৪-২ গোলে জিতেছে পর্তুগাল।
তবে ম্যাচ শেষে ডেনমার্কের তারকা খেলোয়াড় রাসমুস হয়লুন্দ পর্তুগাল কোচ জর্জ জেসুসকে ধাক্কা দেওয়ায় বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার রাতে ম্যাচের পূর্ণ সময় শেষ হওয়ার পর ক্যামেরায় দেখা যায়, দুই দলের খেলোয়াড়েরা শুভেচ্ছা বিনিময় করার সময় হয়লুন্দ জেসুসের দিকে এগিয়ে যান এবং কোচের বুকে হালকা ধাক্কা দেন।
রোনালদো-সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হয়লুন্দ প্রতিশোধ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এই ধারণার পেছনে তার উদযাপনকেও কারণ হিসেবে দেখা হচ্ছে। ৫৩তম মিনিটে ডেনমার্কের দ্বিতীয় ও সমতাসূচক গোল করার পর হয়লুন্দ উঁচুতে লাফিয়ে দুই হাত প্রসারিত করে ‘সিউ’ উদযাপন করেন—যে উদযাপনটি রোনালদোকে করতে দেখা যায়।
রোনালদো না থাকলেও তার উদযাপনের মাধ্যমে তাকে স্মরণ করান হয়লুন্দ। এরপর জেসুসকে ধাক্কা দেওয়ার ঘটনায় ধারণা করা হচ্ছে, পাঁচবারের ব্যালন ডি’অরজয়ীকে নিয়ে পর্তুগাল কোচের আচরণে তিনি ক্ষুব্ধ ছিলেন।

