Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

তিন বছরেও চালু হয়নি শান্তি নিবাস, নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম

তিন বছরেও চালু হয়নি শান্তি নিবাস, নষ্ট হচ্ছে কোটি টাকার সরঞ্জাম

অনলাইন ডেস্ক: অসহায় ও অবহেলিত প্রবীণদের নিরাপদ আবাসন, চিকিৎসা ও দৈনন্দিন সেবার জন্য প্রায় ৭ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে তিনতলা ভবন। সেখানে রয়েছে বিছানা, আলমারি, টেবিল, লিফট, চিকিৎসাসামগ্রী ও শরীরচর্চার সরঞ্জাম। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার প্রায় তিন বছর পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটি চালু হয়নি। ফলে অব্যবহৃত অবস্থায় পড়ে থেকে নষ্ট হচ্ছে আসবাবপত্র ও অন্যান্য সরঞ্জাম। বৃষ্টির পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হচ্ছে ভবনের ভেতরের বিভিন্ন সামগ্রী। এমনকি ভবনের অগ্নিনির্বাপক যন্ত্রগুলোর মেয়াদও শেষ হয়ে গেছে।

ময়মনসিংহ নগরের শম্ভুগঞ্জে সরকারি শিশু পরিবার (বালক) চত্বরে নির্মিত ২৫ শয্যার ‘শান্তি নিবাস’-এর বর্তমান চিত্র এটি। প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় অসহায় প্রবীণেরা আবাসন ও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। পাশাপাশি সরকারি অর্থে কেনা মূল্যবান সরঞ্জামও নষ্ট হচ্ছে।

সমাজসেবা অধিদপ্তর জানিয়েছে, প্রয়োজনীয় জনবল নিয়োগ ও বরাদ্দ না পাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করা যাচ্ছে না। জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। তা শেষ হলে কার্যক্রম শুরু করা হবে।

অব্যবহৃত ভবনে নষ্ট হচ্ছে সরঞ্জাম

সম্প্রতি দেখা যায়, শান্তি নিবাসের তিনতলা ভবনের সব কক্ষ তালাবদ্ধ। কক্ষগুলোতে বিছানা, আলমারি, টেবিলসহ নানা আসবাবপত্র পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় সেগুলোতে ধুলা জমেছে। কয়েকটি কক্ষে বৃষ্টির পানি ঢুকে আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। পানি থেকে রক্ষায় কোথাও কোথাও খাটের ওপর টেবিল ও আলমারি তুলে রাখা হয়েছে।

নিচতলায় রয়েছে চিকিৎসকের কক্ষ, চিকিৎসাসামগ্রীর কক্ষ, শরীরচর্চার কক্ষ, ডাইনিং রুম, রান্নাঘর ও অতিথিদের থাকার কক্ষ। চিকিৎসাসামগ্রী এখনো বাক্সবন্দি। শরীরচর্চার কক্ষে রয়েছে বিভিন্ন ব্যায়াম সরঞ্জাম। দীর্ঘদিন অব্যবহৃত থাকায় অনেক আসবাবপত্র নষ্ট হয়ে গেছে।

প্রতিটি তলায় থাকা অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ শেষ হয়েছে। ভবনে লিফট থাকলেও নির্মাণের পর থেকে তা ব্যবহার করা হয়নি। বিদ্যুৎ সংযোগ থাকলেও প্রায় আড়াই লাখ টাকা বিল বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

নির্মাণ ও উদ্বোধন

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের ‘৮টি সরকারি শিশু পরিবারে ২৫ শয্যাবিশিষ্ট শান্তি নিবাস স্থাপন’ প্রকল্পের আওতায় ভবনটি নির্মাণ করা হয়। ২০২০ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন মেয়াদের প্রকল্পটির মোট ব্যয় ছিল ৭৩ কোটি ৯৮ লাখ ৯১ হাজার টাকা। এর মধ্যে ময়মনসিংহের শান্তি নিবাস নির্মাণে ব্যয় হয় ৬ কোটি ৯৫ লাখ ৫২ হাজার টাকা।

২০২২ সালের ২০ সেপ্টেম্বর নির্মাণকাজ শুরু হয়। কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের ১৪ নভেম্বর তৎকালীন সরকারপ্রধান প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন। কোহিনূর এন্টারপ্রাইজ ভবনটি নির্মাণের পাশাপাশি আসবাবপত্রসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করে। তবে উদ্বোধনের পরও সেখানে কোনো প্রবীণের থাকার ব্যবস্থা করা যায়নি।

চালুর অপেক্ষায় সেবার পরিকল্পনা

সমাজসেবা অধিদপ্তরের তথ্যমতে, ৬০ বছরের বেশি বয়সী পরিত্যক্ত, অসহায়, দরিদ্র ও অবহেলিত প্রবীণদের জন্য শান্তি নিবাসটি নির্মাণ করা হয়েছে। এখানে ২৫ জন প্রবীণের নিরাপদ আবাসন, খাবার, চিকিৎসা ও অন্যান্য সেবা দেওয়ার পরিকল্পনা ছিল। সরকারি শিশু পরিবারের এতিম শিশুরা যাতে প্রবীণদের কাছ থেকে দাদা-দাদি বা নানা-নানির স্নেহ পায় এবং প্রবীণেরা শিশুদের সান্নিধ্যে একাকিত্ব কাটাতে পারেন, সেই উদ্দেশ্যও ছিল।

সরকারি শিশু পরিবারে থাকা রিফাত মিয়া বলে, এখানে বয়স্ক মানুষ থাকলে তারা দাদা-নানার মতো থাকতেন এবং তাদের সঙ্গে সময় কাটানো যেত।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগরের সম্পাদক আলী ইউসুফ দ্রুত শান্তি নিবাস চালুর দাবি জানিয়েছেন। তার অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের গাফিলতির কারণে মানুষ সরকারি উদ্যোগের সুফল পাচ্ছেন না এবং সরকারি অর্থে কেনা সরঞ্জাম নষ্ট হচ্ছে।

ময়মনসিংহ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. রাজু আহমেদ জানান, সমাজকল্যাণমন্ত্রী সম্প্রতি প্রতিষ্ঠানটি পরিদর্শন করে দ্রুত চালুর আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনীয় জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। জনবল ও বরাদ্দ পাওয়া গেলে কার্যক্রম শুরু হবে। প্রতিষ্ঠানটিতে কর্মকর্তা, কেয়ারগিভার, কম্পাউন্ডার, স্বাস্থ্যসেবাকর্মী ও থেরাপিস্ট রাখার পরিকল্পনা রয়েছে। তার দাবি, চালু হলে নিয়মিত ব্যবহার ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সরঞ্জাম নষ্ট হওয়ার সমস্যা থাকবে না।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram