অনলাইন ডেস্ক: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। ১০ অক্টোবর তারা মুখোমুখি হবে। টুর্নামেন্টের নতুন ফরম্যাটের কারণে সুপার সেভেনেও তাদের দেখা হওয়ার সম্ভাবনা আছে।
বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান, সহ-আয়োজক জিম্বাবুয়ে ও বাছাইপর্বের একটি দলকে নিয়ে ‘এ’ গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। ‘বি’ গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও বাছাইপর্ব থেকে উঠে আসা আরেকটি দল।
গ্রুপ পর্বে ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে প্রথমবার মুখোমুখি হবে দুই দল। ফরম্যাট অনুযায়ী, প্রত্যেক গ্রুপের শীর্ষ তিনটি দল এবং সেরা চতুর্থ স্থানের দল সুপার সেভেনে উঠবে।
ভারত ও পাকিস্তান উভয় দল গ্রুপ পর্ব পেরোতে পারলে ৭ নভেম্বর কেপ টাউনে আবার তাদের দেখা হতে পারে। এরপর দুই দল সেমিফাইনাল বা ফাইনালে উঠলে তৃতীয়বার মুখোমুখি হওয়ার সুযোগ থাকবে।
১৪ দল নিয়ে বিশ্বকাপ
২০২৭ বিশ্বকাপে অংশ নেবে ১৪টি দল। নকআউট পর্বের আগে তিন ধাপে খেলা হবে। সুপার সেভেনে ওঠা সাত দল রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে, সেখান থেকে সেরা চার দল সেমিফাইনালে যাবে।
বিশ্বকাপের পাঁচ মাস আগে ২০২৭ সালে ভারত ও পাকিস্তানের এশিয়া কাপেও মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দল ফাইনালে উঠলে ওই প্রতিযোগিতায় তাদের দুই বা তিনবার দেখা হতে পারে।

