Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

‘বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে’

‘বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে, অস্ট্রেলিয়া সফরে ভালো ধারণা পাওয়া যাবে’

অনলাইন ডেস্ক: অস্ট্রেলিয়া সফর সামনে রেখে বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ফিরেছেন ডেভিড হেম্প। গত বছর নারী ওয়ানডে বিশ্বকাপ ও এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ে দলের ব্যাটিং কোচ হিসেবে কাজ করা হেম্প এবার বড় দায়িত্ব নিয়ে ফিরছেন। তার বিশ্বাস, আসন্ন অস্ট্রেলিয়া সফরেই পরিষ্কার হয়ে যাবে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে।

৫৫ বছর বয়সী হেম্প ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত চুক্তি করেছেন। প্রধান কোচ হিসেবে তার কাজ শুরু হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেছেন, আগেও বাংলাদেশ দলের মেয়েদের সঙ্গে কাজ করায় দলের পরিবেশ ও প্রত্যাশা সম্পর্কে তার ধারণা আছে। সেই অভিজ্ঞতাই তাকে ফিরতে আগ্রহী করেছে।

ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটি হেম্পের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, নারী ক্রিকেটে অস্ট্রেলিয়া বিশ্বের এক নম্বর দল এবং তাদের বেশ কয়েকজন খেলোয়াড়ও র‌্যাঙ্কিংয়ে উঁচু অবস্থানে আছেন।

তবে এই সফরকে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবেও দেখছেন হেম্প। তার মতে, সেরা খেলোয়াড়দের বিপক্ষে খেললে নিজেদের সামর্থ্য যাচাই করা যায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে বাংলাদেশ কী নিতে ও শিখতে পারে এবং শীর্ষ দলগুলোর বিপক্ষে কীভাবে চ্যালেঞ্জ জানানো সম্ভব—সেই ধারণা পাওয়া যাবে বলে মনে করেন তিনি।

৩ অক্টোবর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। ৯, ১১ ও ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram