অনলাইন ডেস্ক: বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ সামিরা খান মাহি। সাবলীল অভিনয় ও গ্ল্যামারাস উপস্থিতির মাধ্যমে অল্প সময়ের মধ্যেই দর্শকদের নজরে জায়গা করে নিয়েছেন তিনি। অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত সরব থাকেন এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা মুহূর্ত ও ভাবনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন মাহি। এরই ধারাবাহিকতায় এবার রোবটের একটি ভিডিও প্রকাশ করে ভিন্নধর্মী মন্তব্য করেছেন তিনি। তার ক্যাপশনটি নেটিজেনদের মধ্যেও আগ্রহ তৈরি করেছে।
রোবটের ভিডিও শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক।’ পোস্টটির নিচে একজন মন্তব্য করেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজন লেখেন, ‘রোবট ঠিক আছে অন্তত বেইমানি করবে না।’
মাহির পোস্ট ঘিরে নেটিজেনদের এসব মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মজার আবহ তৈরি হয়েছে। তবে অভিনেত্রীর মন্তব্যটি নিছক মজার ছলে করা, নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে—তা স্পষ্ট নয়।
অভিনয়ে মাহির পথচলা
২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন সামিরা খান মাহি। পরে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন তিনি। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’সহ একাধিক নাটক ও ওয়েব নাটকে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

