অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একের পর এক চোটের ধাক্কা লেগেছে অস্ট্রেলিয়ার ক্যাম্পে। ৯ অক্টোবর টেস্ট সিরিজ শুরুর আগে জস ইংলিস ইনজুরিতে আক্রান্ত হলে তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে নিক ম্যাডিনসন ও স্যাম হার্পারকে।
দুজনের মধ্যে ৩৪ বছর বয়সী ম্যাডিনসনকে নিয়ে আলাদাভাবে আলোচনা হচ্ছে। টেস্টিকুলার ক্যানসারের চিকিৎসা নেওয়ার এক বছরের কিছু বেশি সময় পর অস্ট্রেলিয়ার স্কোয়াডে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটার।
ম্যাডিনসন ২০১৬ সালে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি টেস্ট খেলেছিলেন। এরপর প্রায় এক দশক এই ফরম্যাটে তাকে দেখা যায়নি। গত বছর ক্যানসার শনাক্ত হওয়ার পর কেমোথেরাপি নেওয়ার সময় থেকে তিনি কোনো প্রথম শ্রেণির ম্যাচও খেলেননি।
গত মৌসুমে শেফিল্ড শিল্ড ক্রিকেটে না খেললেও চলতি মৌসুমে নিউ সাউথ ওয়েলসের অধিনায়কত্ব করছেন ম্যাডিনসন। এর আগে গত সপ্তাহে ওয়ানডে কাপে একটি সেঞ্চুরিও করেছেন তিনি।
প্রধান নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, জস ইংলিস সুস্থ হয়ে ওঠার সময় স্যাম হার্পার উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন। আর ম্যাডিনসন ব্যাটিং অর্ডারের বিভিন্ন জায়গায় খেলার সুযোগ করে দলে নমনীয়তা আনবেন।

