অনলাইন ডেস্ক: এশিয়ান গেমসে নারীদের নবম স্থান নির্ধারণী ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার সকালে অনুষ্ঠিত ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতায় ছিল। পরে পেনাল্টি শুটআউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে নবম হয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমস শেষ করেছে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক হকি খেলেছে। ১০ মিনিটে দারুণ এক ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন আক্তার রিয়া। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ম্যাচের প্রতিদ্বন্দ্বিতা আরও বেড়ে যায়। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িকভাবে মাঠের বাইরে যান বাংলাদেশের লিমা আক্তার। এতে বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হলে সেই সুযোগ কাজে লাগায় সিঙ্গাপুর।
৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে সিঙ্গাপুরকে সমতায় ফেরান তৌ লি মিন। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে স্নায়ুচাপ ধরে রেখে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

