অনলাইন ডেস্ক: বলিউড তারকাদের পিছু নেওয়া পাপারাজ্জিদের আচরণ নিয়ে বেশ কিছু দিন ধরেই ক্ষোভ জমছিল বলিপাড়ায়। বিশেষ করে নারী অভিনেত্রীদের অশালীন ছবি তোলার প্রবণতা নিয়ে সম্প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন সালমান খান। তার সেই সতর্কবার্তার রেশ কাটতে না কাটতেই এবার সোচ্চার হলেন পরিচালক ও নৃত্যপরিচালক ফারাহ খান।
সম্প্রতি মুম্বাইয়ের একটি স্থানে ফারাহ খানকে দেখে ছবি তুলতে এগিয়ে যান কয়েকজন ফটোগ্রাফার। তাদের সেখানে আসার কারণ জানতে চান তিনি।
ছবি তোলার অনুমতি চাওয়া হলে ফারাহ স্পষ্ট করে দেন, অশোভন বা আপত্তিকর কোনো কোণ থেকে ছবি তোলা যাবে না। এ সময় সালমান খানের সতর্কবার্তার কথা স্মরণ করিয়ে রসিকতার সুরে, তবে দৃঢ়ভাবে তিনি বলেন, ‘সালমান ভাই পেছন থেকে ছবি তুলতে বারণ করেছেন, ঘুরুন, ঘুরুন।’
পাপারাজ্জিদের আচরণে সালমানের ক্ষোভ
এর আগে ‘বিগ বস ২০’ অনুষ্ঠানের একটি পর্বে পাপারাজ্জিদের অনুচিত আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন সালমান খান। নারী তারকাদের অস্বস্তিকর ছবি তোলার সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন, অভিনেত্রীরা যে ধরনের শট বা অ্যাঙ্গেল পছন্দ করেন না, সেগুলো পেছন থেকে কেন তোলা হয়।
সালমান সাই মাঞ্জরেকর ও নেহা ধুপিয়ার প্রসঙ্গও উল্লেখ করেন। তার দাবি, তার নিজের ভাগ্নির ক্ষেত্রেও পাপারাজ্জিরা পেছন থেকে ছবি তুলে পরিচয় জানতে চেয়ে ক্যাপশন দিয়েছিলেন। এমন ছবি তোলাকে তিনি জঘন্য মানসিকতা হিসেবে উল্লেখ করেন এবং বলেন, অধিকাংশ নারী এ ধরনের ছবি পছন্দ করেন না।

