অনলাইন ডেস্ক: নীলফামারীর চড়াইখোলা ইউনিয়নের ষাটোর্ধ্ব মহসীন আলী এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ২৪ শতক জমি কিনেছেন। জমি রেজিস্ট্রি হওয়ার সাত মাস পেরিয়ে গেলেও তিনি এখনো দলিলের নকল হাতে পাননি। নকল তুলতে গিয়ে প্রথমে দালাল চক্রের সদস্যরা তার কাছে ৩১ হাজার টাকা দাবি করেন। পরে দরদাম করে ৮ হাজার টাকা দিলেও দুই মাস ধরে তাকে সাব রেজিস্ট্রার কার্যালয়ের নকল শাখায় ঘুরতে হচ্ছে। মহসীন আলীর মতো আরও অনেকে অতিরিক্ত টাকা দিয়েও দলিলের নকল না পাওয়ার অভিযোগ করেছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে সেবাগ্রহীতারা সাব রেজিস্ট্রার কার্যালয়ের চতুর্থ তলার নকল শাখায় ভিড় করছেন। অভিযোগ রয়েছে, সেখানে দালাল চক্রের সদস্যরা জমির পরিমাণ ও দাগ নম্বর জেনে সেবাগ্রহীতাদের সঙ্গে দরদাম করেন। দরদাম ঠিক হলে লোহার গ্রিলের ভেতর দিয়ে নকল শাখার সহকারী সোনালি আক্তার এসব জমা নেন। সরকারি ফির পাশাপাশি সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।
নকল শাখার পাশাপাশি দলিল রেজিস্ট্রেশন ও রেকর্ড শাখাতেও দালালদের দৌরাত্ম্যের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। সংবাদ সংগ্রহের সময় দালাল চক্রের লোকজন সাংবাদিকদের হুমকি, হামলার চেষ্টা ও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, নকল শাখার সহকারী সভাপতি মন্টু মিয়া দালাল চক্রটি নিয়ন্ত্রণ করেন। তাদের দাবি, ঘুষ না দিলে কাজ আটকে দেওয়া হয় এবং দালাল ছাড়া সরাসরি দলিলের নকল দেওয়া হয় না।
সদরের চওড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের লুৎফর রহমান বলেন, আট মাস ধরে নকলের জন্য ঘুরছেন। তার কাছে প্রথমে ১২ হাজার টাকা চাওয়া হলেও পরে ৭ হাজার টাকায় দরদাম ঠিক হয়; তবে এখনো কাজ হয়নি। ডিমলার ছাতুনামা ইউনিয়নের শাকিল ইসলাম জানান, মন্টু মিয়ার সঙ্গে দরদাম করে ৪ হাজার টাকা দেওয়ার পরও তার কাজ হয়নি। আরেক ভুক্তভোগী সাত্তার আলীও অতিরিক্ত টাকা দেওয়া ছাড়া কাজ না হওয়ার অভিযোগ করেন।
নকল শাখার দায়িত্বপ্রাপ্ত সদর উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুন বলেন, দালাল চক্র বা ভুক্তভোগীদের হয়রানিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছেন। নকলনবিশদের হয়রানির বিষয়টি সত্য উল্লেখ করে তিনি বলেন, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, কিছুদিন ধরে তার স্বাক্ষর জাল করে কাগজপত্র করা হচ্ছে। বিষয়টি সহকারী কমিশনার (ভূমি)কে জানানো হয়েছে। দালাল চক্র ভেঙে সাধারণ মানুষকে সেবা দিতে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

