Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

রোনালদোকে বেঞ্চে রেখে হালান্ডের নরওয়েকে হারাল পর্তুগাল

অনলাইন ডেস্ক: ওয়েলসের বিপক্ষে পর্তুগালের আগের ম্যাচে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল ক্রিশ্চিয়ানো রোনালদোকে। দ্বিতীয় ম্যাচে সুযোগই পেলেন না তিনি। তাকে বেঞ্চে বসিয়ে রেখে আর্লিং হালান্ডের নরওয়েকে ২-১ গোলে হারাল পর্তুগাল।

বিশ্বকাপের পরও পর্তুগালের হয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন রোনালদো। ওয়েলসের বিপক্ষে শুরুর একাদশে থাকলেও অসলোতে নরওয়ের বিপক্ষে পুরো ৯০ মিনিট বেঞ্চে ছিলেন তিনি। তার জায়গায় খেলা গনসালো রামোস ৫৪তম মিনিটে গোল করে ম্যাচের ব্যবধান গড়ে দেন।

নরওয়ের গোলকিপার ওরজান নিল্যান্ডের দুর্বল পাস কেড়ে নিয়ে গোল করেন এসি মিলানের এই ফরোয়ার্ড। ম্যাচ শেষে রামোস বলেন, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ এবং সুযোগ পেলে দলে নিজের অবদান দেখানোই তার লক্ষ্য। তার মতে, শুধু গোল নয়, মাঠে করা সবকিছুই দলের জন্য গুরুত্বপূর্ণ।

রামোসের গোলের তিন মিনিট আগে নেশনস লিগে নিজের ২২তম গোল করেন হালান্ড। এই হিসাবে রোনালদো ও সার্বিয়ার আলেক্সান্দার মিত্রোভিচের চেয়ে সাত গোলে এগিয়ে গেলেন তিনি। নরওয়ের জার্সিতে শেষ ১৭ ম্যাচে এটি হালান্ডের ১৬তম গোল।

পর্তুগালের হয়ে ১৭তম মিনিটে গোল করেন জোয়াও ফেলিক্স। পেদ্রো নেতোর ক্রস থেকে নিচু কোনাকুনি শটে গোলটি করেন তিনি। ওয়েলসের বিপক্ষেও একমাত্র গোলটি করেছিলেন ফেলিক্স।

পরে রামোসের আরেকটি গোল ভিএআর পর্যালোচনার পর অফসাইডের কারণে বাতিল হয়।

দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পর্তুগাল। সমান ম্যাচে নরওয়ের পয়েন্ট তিন। ডেনমার্কও তিন পয়েন্ট পেলেও গোলব্যবধানে পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram