অনলাইন ডেস্ক: কুড়িগ্রামের উলিপুরে ৭৪ পিস ইয়াবাসহ মো. আফজাল হোসেন (৪২) নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাকে দল থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি। তিনি উপজেলার হাতিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়া ইউনিয়নের পুরাতন অনন্তপুর এলাকায় আফজাল হোসেনের বসতবাড়িতে অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক তারিক আবুল আলা ও সদস্য সচিব হায়দার আলী মিঞার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আফজাল হোসেনকে সাময়িক অব্যাহতির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তারের বিষয়টি সংগঠনের নজরে এসেছে। ঘটনাটি সংগঠনের নীতি, আদর্শ, শৃঙ্খলা, স্বচ্ছতা ও ভাবমূর্তির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ উল্লেখ করে তাকে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়কের পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেন, আফজাল হোসেন গ্রেপ্তার হওয়ায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে পদসহ সংগঠনের সব কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে উলিপুরে অভিযান চালিয়ে ৭৪ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উলিপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

