অনলাইন ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু বলেছেন, বান্দরবান শহরটি ছোট হলেও অপরূপ সৌন্দর্যের অধিকারী। স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সমন্বিত প্রচেষ্টায় শহরটিকে পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব হিসেবে গড়ে তুলতে চান তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকলে বান্দরবানের সৌন্দর্য ও পরিচ্ছন্নতা রক্ষা করা কঠিন নয়। পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের আগমন নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদার, শহরের যানজট নিরসন এবং স্থানীয় জনগণকে পর্যটকদের সঙ্গে মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণের আহ্বান জানান তিনি।
ব্যক্তিগত পর্যায় থেকে পুরো শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর জোর দিয়ে সাচিং প্রু বলেন, বাসাবাড়ির পরিচ্ছন্নতা থেকে শুরু করে সব কাজে জবাবদিহিতা ও পারস্পরিক সমন্বয় থাকতে হবে।
সভায় পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও জীবনযাত্রার মানোন্নয়ন নিয়েও দিকনির্দেশনা দেন মন্ত্রী। কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি পতিত জমিতে চাষাবাদে উৎসাহ দেওয়ার নির্দেশ দেন তিনি। বিশেষ করে বান্দরবানের মাটিতে কফি ও কাজুবাদাম চাষের ব্যাপক সম্ভাবনার কথা উল্লেখ করেন।
পানির সংকটের টেকসই সমাধানে বৃষ্টি, ঝিরি, নদী ও লেকের পানি সংরক্ষণে পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের তাগিদ দেন মন্ত্রী। প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে দেশি-বিদেশি উন্নয়ন সংস্থাগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখার অনুরোধও জানান তিনি।
বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার ও বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি মো. আমিনুল ইসলাম বাচ্চু। এ ছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং পর্যটন খাতের অংশীজনরা উপস্থিত ছিলেন।

