Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৭০, মুচলেকায় মুক্ত ৩৫৬

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৭০, মুচলেকায় মুক্ত ৩৫৬

অনলাইন ডেস্ক: চাঁদপুর জেলার ৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। এ সময় জেলার বিভিন্ন এলাকা থেকে সন্দেহভাজন মোট ৩৭০ জনকে আটক করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) নাদিরা নূর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে উঠতি বয়সী কিশোরদের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এবং চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার সব থানা ও ডিবি পুলিশের সমন্বয়ে অভিযানটি চালানো হয়।

চাঁদপুর শহরসহ প্রতিটি থানার যেসব এলাকায় কিশোর গ্যাং ও বখাটেদের উৎপাতের অভিযোগ রয়েছে, সেসব স্থানে অভিযান চালানো হয়। এতে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নেন।

আটকদের অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে অপরাধে জড়িত থাকার তথ্য পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অতিরিক্ত পুলিশ সুপার নাদিরা নূর জানান, আটকদের মধ্যে অপরাধমূলক কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার তথ্য না পাওয়া ব্যক্তিদের অভিভাবকদের ডেকে সন্তানদের পড়াশোনায় মনোযোগী করা এবং ভবিষ্যতে অপরাধে না জড়ানোর বিষয়ে সচেতন করা হয়েছে। পরে ৩৫৬ জনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের সদস্যদের অপরাধে জড়িয়ে পড়া ঠেকাতে এবং বখাটেদের উৎপাত নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram