অনলাইন ডেস্ক: দেশের উন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। রোববার (২৭ সেপ্টেম্বর) টাঙ্গাইলের বাসাইলে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিল ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, বিরোধিতার খাতিরে বিরোধিতা ও জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি নয়; বিরোধী দলকে গঠনমূলক রাজনীতি করতে হবে। এ ক্ষেত্রে সরকার সহযোগিতা করবে বলেও জানান তিনি।
বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, তাদের বক্তব্য জাতীয় সংসদে তুলে ধরতে হবে। সব আলোচনা, ভুলত্রুটি ও সমাধানের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ হলে সংসদীয় রাজনীতি প্রতিষ্ঠা লাভ করবে বলে মন্তব্য করেন তিনি।
অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে গণতান্ত্রিক ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহকর্মী হিসেবে তারাও কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, সাবেক সভাপতি এনামুল করিম অটল, পৌর বিএনপির সভাপতি আক্তারুজ্জামান তুহিন ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টুসহ অনেকে।

