অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের ১ অক্টোবরের ফেনী সফর ঘিরে নিরাপত্তার ছক চূড়ান্ত করেছে প্রশাসন। সফরের সভাস্থলগুলোকে রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিন জোনে ভাগ করে নিরাপত্তাব্যবস্থা সাজানো হচ্ছে। এদিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য মোতায়েন থাকবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে চূড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভায় এসব তথ্য জানানো হয়। সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চলা সভায় প্রধানমন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), প্রশাসন, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
সভায় ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর সফরের দিন পরশুরাম ও ফুলগাজী উপজেলায় পুলিশের দুই হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। প্রয়োজন অনুযায়ী বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হবে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল আমিন সরকার জানান, এসএসএফের পাশাপাশি পুলিশ, এসআরবি, বিজিবি, কোস্টগার্ডসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় কাজ করবে। তবে মোট কতজন সদস্য মোতায়েন থাকবেন, তা তিনি নির্দিষ্ট করে জানাতে পারেননি।
তিন জোনে নিরাপত্তা
জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, সভাস্থলের নিরাপত্তা রেড, ইয়েলো ও হোয়াইট—এই তিন জোনে ভাগ করা হবে। রেড জোনে প্রবেশের জন্য বিশেষ সিকিউরিটি কার্ড এবং ইয়েলো জোনের জন্য আলাদা কার্ড থাকবে। রেড ও ইয়েলো জোনের বাইরের এলাকা হোয়াইট জোন হিসেবে বিবেচিত হবে, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, ১ অক্টোবর সকালে পরশুরামের ঘাটঘর এলাকায় মুহুরী নদীর তীরে মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ ও পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। একনেকে অনুমোদিত প্রকল্পটির ব্যয় ১ হাজার ৫৪২ কোটি টাকা। পরে তিনি জনসভায় বক্তব্য দেবেন। ফুলগাজীতে তিনি একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুপুর ৩টা থেকে ৩টা ২০ মিনিটের মধ্যে প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার কথা রয়েছে। সেখানে ফ্যামিলি কার্ড, ইমাম ও পুরোহিতদের ভাতা, কৃষক কার্ড এবং দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের জন্য সহযোগিতা কার্যক্রমে অংশ নেওয়ার কথা রয়েছে। পরে দলীয় নেতাকর্মী ও সুধী সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।
সফরকে সামনে রেখে জনসভাস্থল, অস্থায়ী হেলিপ্যাড, মঞ্চ, পানির ট্যাংক, পোর্টেবল টয়লেট ও স্যানিটেশন ব্যবস্থার প্রস্তুতি চলছে। সড়ক যোগাযোগ স্বাভাবিক রাখতে ফেনী-পরশুরাম প্রধান সড়ক এবং পরশুরাম-সুবার বাজার সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ করা হচ্ছে।

