অনলাইন ডেস্ক: ‘ফোক হরর’ সিনেমার জগতে পরিচিত মার্কিন নির্মাতা রবার্ট এগার্সের নতুন সিনেমা ‘ওয়্যারউলফ’ আসছে। বহু আগের সময়ের চিত্রকে ভয়াল আবহে তুলে ধরা এই সিনেমার গল্প বোনা হয়েছে মধ্যযুগের, অর্থাৎ ১৩ শতকের ইংল্যান্ডের পটভূমিতে।
সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে। গা ছমছমে ট্রেলারে অভিনেতা অ্যারন টেলর-জনসন ও অভিনেত্রী লিলি রোজ ডেপের ভয়াল রূপ দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি করেছে।
ট্রেলারে সিনেমার রহস্যময় গল্পের কিছুটা আভাস পাওয়া গেছে। এতে রক্তপিপাসু পশুর রূপান্তরের শিকার এক ব্যক্তির চরিত্রে অভিনয় করেছেন অ্যারন টেলর-জনসন। তার স্ত্রীর ভূমিকায় রয়েছেন লিলি-রোজ ডেপ, যিনি স্বামীকে অভিশাপের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন।
লোকালয়কে ভয়াল নেকড়ের হাত থেকে মুক্ত করার সংকল্প নেওয়া এক বীর যোদ্ধার চরিত্রে দেখা গেছে উইলেম ড্যাফোকে। ট্রেলারে তাকে বলতে শোনা যায়, ‘প্রতিটি নেকড়েই মরবে!’ শেষ দৃশ্যে আকাশের দিকে তাকিয়ে টেলর-জনসনের কাঁপতে থাকা শরীর এবং অস্বাভাবিক পশুরূপে রূপান্তরের দৃশ্যও রয়েছে।
‘দ্য উইচ’, ‘দ্য লাইটহাউস’ ও ‘নসফেরাতু’র মতো থ্রিলার নির্মাণ করেছেন রবার্ট এগার্স। তার নতুন সিনেমাটি ঘিরে আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। এর আগে ২০২৪ সালের ক্রিসমাসে মুক্তি পাওয়া ‘নসফেরাতু’ সিনেমাতেও অ্যারন টেলর-জনসন, লিলি-রোজ ডেপ ও উইলেম ড্যাফো একসঙ্গে অভিনয় করেছিলেন।
‘নসফেরাতু’ বিশ্বজুড়ে প্রায় ১৮০ মিলিয়ন ডলার আয় করে এবং চারটি কারিগরি বিভাগে অস্কার মনোনয়ন পায়। সেই সাফল্যের পর একই তিন অভিনয়শিল্পীকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করেছেন এগার্স। আগামী ২৫ ডিসেম্বর ক্রিসমাসের দিন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘ওয়্যারউলফ’-এর।

