অনলাইন ডেস্ক: চলতি বছরের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ শুরু হচ্ছে আজ। মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. ফারুক আহম্মেদের সই করা বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
বোর্ড জানিয়েছে, উত্তীর্ণ পরীক্ষার্থীদের ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট ইতিমধ্যে আটটি আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়েছে। ঢাকা অঞ্চলের প্রতিষ্ঠানগুলো বকশীবাজারে বোর্ডের মূল কার্যালয়ের দাখিল শাখা থেকে এসব কাগজপত্র সংগ্রহ করতে পারবে। অন্যান্য অঞ্চলের প্রতিষ্ঠানগুলো সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় থেকে তা নেবে।
সময়সূচি অনুযায়ী, ঢাকা অঞ্চলের নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, গাজীপুর, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, মুন্সিগঞ্জ, ঢাকা ও মানিকগঞ্জ জেলার প্রতিষ্ঠানগুলোর জন্য ২৮ ও ২৯ সেপ্টেম্বর ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট বিতরণ করা হবে।
ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ও রংপুর অঞ্চলের আওতাধীন জেলাগুলোতে ২৯ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত তিন দিন এসব কাগজপত্র বিতরণ করা হবে।
সংগ্রহের নিয়ম
ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট নিতে প্রতিষ্ঠানের নিজস্ব প্যাডে পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর আবেদন করতে হবে। ঢাকা অঞ্চলের ক্ষেত্রে মাদ্রাসা প্রধান নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধি তিনটি সত্যায়িত নমুনা স্বাক্ষরসহ প্রাধিকারপত্র নিয়ে কাগজপত্র সংগ্রহ করতে পারবেন।
অন্যান্য আঞ্চলিক কার্যালয় থেকেও সংগ্রহের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য। মাদ্রাসা প্রধান বা তাঁর মনোনীত প্রতিনিধির আবেদনে প্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির সভাপতি অথবা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিস্বাক্ষর থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত শর্ত পূরণ না হলে বোর্ডের পক্ষ থেকে ট্রান্সক্রিপ্ট ও টেবুলেশন শিট দেওয়া হবে না।

