অনলাইন ডেস্ক: উয়েফা নেশনস লিগের ড্রয়ে একই গ্রুপে পড়েছিল আয়ারল্যান্ড ও ইসরায়েল। গত ফেব্রুয়ারিতে গ্রুপ নির্ধারণের পর থেকেই ম্যাচটি না খেলার দাবি উঠেছিল আয়ারল্যান্ডের পক্ষ থেকে। ম্যাচের ৪৮ ঘণ্টা আগে খেলোয়াড়রাও আপত্তি জানান। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে সংবাদ সম্মেলন ও অনুশীলন বয়কটের পর ম্যাচ না খেলার সিদ্ধান্ত জানালেও শেষ পর্যন্ত ভোটাভুটিতে মাঠে নামে আয়ারল্যান্ড এবং হাঙ্গেরির ডেব্রেসেনে ইসরায়েলকে ৩-০ গোলে হারায়।
ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার অভিযোগ তুলে আয়ারল্যান্ডের অবস্থান ম্যাচের দিনও স্পষ্ট ছিল। প্রথম ২৫ মিনিটেই তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় তারা। ট্রয় প্যারট গোলের সূচনা করেন, ব্যবধান দ্বিগুণ করেন অ্যাডাম ইদাহ এবং তৃতীয় গোলটি করেন জ্যাক ময়লান।
ম্যাচের সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ডের কোচ হেইমির হালগ্রিম বলেন, ‘আমরা গণহত্যার বিরুদ্ধে খেলছি।’
নগেরদেই স্টেডিয়ামে ইসরায়েলের হোম ম্যাচ দেখতে প্রায় দেড়শ ইসরায়েলি সমর্থক উপস্থিত ছিলেন। ম্যাচে আইরিশ খেলোয়াড়দের নীরব প্রতিবাদও তাদের দেখতে হয়েছে। ইসরায়েলের জাতীয় সংগীতের সময় আয়ারল্যান্ডের খেলোয়াড়রা মাথা নিচু করে দাঁড়িয়ে ছিলেন এবং গাজায় নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামেন।
ম্যাচের আগে প্রচলিত ছবি তোলা বা পতাকা বিনিময়েও অংশ নেননি আইরিশ খেলোয়াড়রা। অধিনায়ক দারা ও’শিয়া প্রতিপক্ষ অধিনায়ক মনোর সোলোমনের সঙ্গে হাত মেলাননি এবং পতাকা বিনিময়ও করেননি।
আয়ারল্যান্ডের গোলরক্ষক গাভিন বুজুনু ম্যাচের আগে সরে দাঁড়ান। এই ম্যাচে অংশ নেওয়া ভুল হবে বলে ইনস্টাগ্রামে পোস্ট দেন তিনি। তার বদলে দলের ডিফেন্ডার জিমি ডুয়ানেকে তৃতীয় গোলরক্ষক হিসেবে নিবন্ধন করা হয়।
তৃতীয় গোলের পর জ্যাক ময়লানের উদযাপনেও প্রতিবাদের প্রকাশ ছিল। তিনি আর্মব্যান্ড খুলে তাতে চুমু দেন, এরপর জার্সির ব্যাজে চুমু দেন।

