Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

স্টক রেজিস্টারে গরমিল, সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টক রেজিস্টারে গরমিল, সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: নাটোরের লালপুরে স্টক রেজিস্টারের সঙ্গে মজুদের গরমিল পাওয়ায় বিএডিসির এক সার ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ওই ডিলারের বিরুদ্ধে কালোবাজারে সার বিক্রিরও অভিযোগ রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কদিমচিলান ইউনিয়নের চাঁদপুর বাজারে ‘সাইফুল ট্রেডার্স’ নামের ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।

লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আবির হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সরেজমিনে মজুদের সঙ্গে স্টক রেজিস্টারের তথ্যে অসংগতি পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় ও ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা সহযোগিতা করেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সাইফুল ট্রেডার্সের বরাদ্দকৃত সার ভ্যানে করে পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার কয়েন এলাকার ‘ভাই ভাই ট্রেডার্স’ নামে একটি দোকানে নিয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। ওই ভিডিওকে কেন্দ্র করে ডিলার সাইফুল ইসলামের বিরুদ্ধে সরকারি সার কালোবাজারে বিক্রির অভিযোগ ওঠে।

ভিডিওতে থাকা ভ্যানচালক জসিম উদ্দিন প্রকাশ্যে দাবি করেন, সাইফুল ইসলামই তাকে সারগুলো বিক্রির জন্য বড়াইগ্রামের কয়েন এলাকায় পাঠিয়েছেন।

ভিডিও ছড়িয়ে পড়ার পর কদিমচিলান ইউনিয়নের কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ, সার কিনতে গেলে ডিলার সাইফুল ইসলাম প্রায়ই সার নেই বলে ফিরিয়ে দেন। অথচ সেই সার গোপনে অন্য উপজেলায় বেশি দামে বিক্রি করা হচ্ছে।

কৃষক আব্দুস সামাদ বলেন, তারা সার নিতে গেলে সার নেই বলে দেওয়া হয় না, অথচ তাদের চোখের সামনে কালোবাজারে সার বিক্রি করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে সাইফুল ট্রেডার্সের ডিলারশিপ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছেন।

অভিযোগ ওঠার একদিন পর সাইফুল ইসলামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা করে উপজেলা প্রশাসন। আবির হোসেন বলেন, কৃষকদের স্বার্থ রক্ষা ও সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram