Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

পর্যটনের চাকচিক্যের আড়ালে আলুটিলার বাসিন্দাদের অন্ধকার জীবন

পর্যটনের চাকচিক্যের আড়ালে আলুটিলার বাসিন্দাদের অন্ধকার জীবন

অনলাইন ডেস্ক: খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র আলুটিলায় সবুজ পাহাড়, রহস্যময় সুড়ঙ্গ ও প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতিদিন দেশ-বিদেশের পর্যটকেরা ভিড় করেন। পর্যটনকেন্দ্র ঘিরে গড়ে উঠেছে নানা স্থাপনা, ব্যবসাপ্রতিষ্ঠান ও পর্যটনসুবিধা। তবে এর ঠিক বিপরীতে থাকা আলুটিলা পর্যটন পাড়া ও পুনর্বাসন এলাকার প্রায় ১৫০ পরিবার এখনো বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসম্মত শৌচাগার, সড়ক যোগাযোগ ও পর্যাপ্ত কর্মসংস্থানের সংকটে ভুগছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পর্যটন পাড়া ও পুনর্বাসন এলাকার তিনটি পাড়ায় পাঁচ শতাধিক মানুষের বসবাস। অধিকাংশ পরিবার নিম্নআয়ের। একসময় জুমচাষ ছিল তাদের প্রধান জীবিকা। জুমের ফলন কমে যাওয়া ও চাষের সুযোগ সংকুচিত হওয়ায় এখন অনেকেই দৈনিক মজুরির ওপর নির্ভরশীল। পর্যটনকেন্দ্র ঘিরে কিছু কর্মসংস্থান তৈরি হলেও অধিকাংশ বাসিন্দার জীবনমান পিছিয়ে রয়েছে।

পানির তীব্র সংকট

বর্ষায় পাহাড়ি ঝরনা ও বৃষ্টির পানি সংগ্রহ করে অনেকে দৈনন্দিন কাজ চালান। বর্ষা শেষ হলে খাবার পানির জন্য কয়েকশ মিটার থেকে কয়েক কিলোমিটার দূরে যেতে হয়। পাহাড়ের নিচের ছড়ায় কুয়া খুঁড়ে পানি সংগ্রহ করতে হয়। তিনটি পাড়ায় রয়েছে দুটি কুয়া, যা শুষ্ক মৌসুমে পানির প্রধান উৎস। স্থানীয়দের ভাষ্য, ভোররাতেই সিরিয়ালে দাঁড়িয়েও অনেক সময় প্রয়োজনীয় পানি পাওয়া যায় না। কখনো কুয়ার পানিতে কেচো ও ময়লা পড়ে থাকে।

স্থানীয় বাসিন্দা মানিক কুসুম ত্রিপুরা বলেন, বর্ষা শেষে তাদের অন্তত দুই কিলোমিটার দূর থেকে খাবার পানি আনতে হয়। এতে পরিবারের সদস্যদের দিনের উল্লেখযোগ্য সময় ব্যয় হয় এবং শুষ্ক মৌসুমে সংকট আরও তীব্র হয়।

পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দাদের জন্য খাগড়াছড়ি সেনাবাহিনীর রিজিয়ন থেকে ১০ হাজার লিটার ধারণক্ষমতার একটি পানির ট্যাংক স্থাপন করা হয়েছিল। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পাহাড়ের নিচের পুকুর থেকে পানি তুলে এতে সংরক্ষণ করা হতো। তবে পানি শুধু ব্যবহারিক কাজে উপযোগী ছিল। বর্তমানে ট্যাংকটি অকেজো। ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার বাসিন্দারা পানির সংকটে রয়েছেন।

স্থানীয় বাসিন্দা উর্মি ত্রিপুরা বলেন, বিদ্যালয়ে দূরদূরান্ত থেকে হেঁটে আসা শিক্ষার্থীরাও পানির সমস্যায় পড়ে। ট্যাংকটি চালু থাকলে অন্তত ব্যবহারের পানির কিছুটা ব্যবস্থা হতো।

শৌচাগার ও যোগাযোগব্যবস্থার সংকট

স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় ১৫০ পরিবারের মধ্যে মাত্র ২০ থেকে ২৫টি পরিবারের টিনসেট শৌচাগার রয়েছে। অন্যদের শৌচাগারের অবস্থা নাজুক। পানির সংকটে শৌচাগার ব্যবহার ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাও কঠিন হয়ে পড়ে। এতে পরিবেশদূষণ ও স্বাস্থ্যঝুঁকি বাড়ার আশঙ্কা রয়েছে।

আলুটিলা পর্যটন পাড়ার ভেতরে পাকা সড়ক নেই। কিছু এলাকায় ইট সলিং রাস্তা থাকলেও বেশ কয়েকটি পথ কাঁচা। বর্ষায় কাদা ও পানিতে এসব পথে চলাচল কঠিন হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা চন্দ্রপল ত্রিপুরা বলেন, ভেতরের অনেক বাড়িতে এখনো কুপি বাতি ব্যবহার করা হয়। সড়ক যোগাযোগ উন্নত হলে শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ গ্রহণ সহজ হতো।

অনিশ্চিত জীবিকা

স্থানীয় কার্বারি সূর্য কিরণ ত্রিপুরা বলেন, তিনটি পাড়ায় প্রায় ১৫০ পরিবারের বসবাস এবং অধিকাংশ পরিবার দরিদ্র। আগে জুমচাষের ওপর নির্ভরতা থাকলেও এখন ফলন ভালো না হওয়ায় অধিকাংশ মানুষ দিনমজুরি করেন। পর্যটনকেন্দ্রের আশপাশে বসবাস করলেও এলাকার মানুষের জীবনমান এর চাকচিক্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

স্থানীয়দের কেউ নির্মাণশ্রমিক, কেউ কৃষিশ্রমিক এবং কেউ মৌসুমি কাজে যুক্ত। কয়েকজন পর্যটনকেন্দ্রের ভেতর-বাইরে ব্যবসা করেন; কেউ ডাব, জুমে উৎপাদিত ফসল, মৌসুমি ফল ও অন্যান্য পণ্য বিক্রি করেন। তবে পর্যটকের সংখ্যা, পর্যটন মৌসুম ও আবহাওয়ার ওপর আয় নির্ভরশীল হওয়ায় সারা বছর একই রকম কর্মসংস্থান থাকে না।

স্থানীয় সূত্রে জানা যায়, বন বিভাগের উদ্যোগে ১৯৮৪-৮৫ অর্থবছরে জুমিয়া পুনর্বাসন প্রকল্পের আওতায় ৪০টি পরিবারকে এখানে পুনর্বাসন করা হয়। পরে ১৯৮৫-৮৬ অর্থবছরে ৩৩টি এবং ১৯৯২-৯৩ অর্থবছরে আরও ১৫টি পরিবার পুনর্বাসিত হয়। এসব পরিবার থেকে জনসংখ্যা বেড়ে বর্তমানে প্রায় ১৫০ পরিবার বসবাস করছে।

স্থানীয় বাসিন্দারা নিরাপদ খাবার পানির স্থায়ী ব্যবস্থা, অকেজো পানির ট্যাংক সচল করা, স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরির দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, আলুটিলা পর্যটনকেন্দ্রের উন্নয়নের পাশাপাশি আশপাশের জনবসতির জীবনমান উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram