Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

জামালপুর রেলস্টেশনে ১৬ সিসিটিভির ১১টিই অচল, সচল ক্যামেরাতেও নেই রেকর্ড

জামালপুর রেলস্টেশনে ১৬ সিসিটিভির ১১টিই অচল, সচল ক্যামেরাতেও নেই রেকর্ড

অনলাইন ডেস্ক: সিসিটিভি ক্যামেরা থাকলেও ব্যাকআপ মেমোরি কিংবা ডাটা সংরক্ষণের ব্যবস্থা না থাকায় জামালপুর রেলওয়ে স্টেশনে কোনো ভিডিও তথ্য জমা হচ্ছে না। এমন অব্যবস্থাপনার বিষয়টি জানাজানি হলে সাধারণ যাত্রীরা নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। স্টেশন মাস্টার জানিয়েছেন, ক্যামেরাগুলো সচল করার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে।

জামালপুর রেলওয়ে সূত্রে জানা গেছে, যাত্রী নিরাপত্তার জন্য কয়েক বছর আগে স্টেশনে ১৬টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়। প্রধান গেট, টিকিট কাউন্টার, ১ নম্বর ও ২ নম্বর প্ল্যাটফর্মসহ বিভিন্ন স্থানে এসব ক্যামেরা বসানো হয়েছিল। তবে স্টেশন মাস্টারের কক্ষে থাকা মনিটর পর্যবেক্ষণে দেখা যায়, এর মধ্যে মাত্র পাঁচটি ক্যামেরা সচল রয়েছে। বাকি ১১টি পুরোপুরি বন্ধ।

সচল পাঁচটি ক্যামেরার দৃশ্য মনিটরে সরাসরি দেখা গেলেও কোনো ভিডিও ফুটেজ কম্পিউটারের হার্ডডিস্কে সংরক্ষিত হচ্ছে না। ব্যাকআপ মেমোরি বা ডাটা স্টোরেজ না থাকায় অতীতের কোনো রেকর্ড দেখার সুযোগ নেই।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ

স্টেশনকে ঘিরে টিকিট কালোবাজারি, পকেটমারি ও ছিনতাইকারীদের আনাগোনা নিয়ে অভিযোগ রয়েছে। প্ল্যাটফর্মে আত্মহত্যার মতো অপ্রীতিকর ঘটনার ঝুঁকির কথাও বলা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, কোনো অপরাধ ঘটলে তদন্তে সিসিটিভি ফুটেজ গুরুত্বপূর্ণ হলেও স্টোরেজ না থাকায় প্রমাণ বা সূত্র পাওয়ার সুযোগ সীমিত হয়ে যাচ্ছে।

সাধারণ যাত্রীরা দ্রুত অচল ক্যামেরা মেরামত, পর্যাপ্ত স্টোরেজ যুক্ত করা এবং প্রয়োজনীয় নতুন ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন।

জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, তিনি প্রায় দেড় বছর ধরে সেখানে আছেন এবং আসার পর থেকেই ক্যামেরাগুলো নষ্ট দেখছেন। বিষয়টি স্টেশন মাস্টারের অধীনে জানিয়ে তাকে ক্যামেরা ঠিক করতে বলা হয়েছে বলেও জানান তিনি।

জামালপুর রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার মো. মাহমুদুল হাসান বলেন, চলতি বছরের ৬ জুলাই দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি ক্যামেরাগুলো নষ্ট দেখতে পান। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছেন। ক্যামেরাগুলো কবে স্থাপন বা নষ্ট হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলেও জানান।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram