Sunday, 22 November 2026DS.TV — দুর্নীতির সন্ধানে
বিজ্ঞাপন

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

গাইবান্ধায় কুকুরের কামড়ে শিশুসহ আহত ৮, আক্রান্ত ৪ গবাদিপশু

অনলাইন ডেস্ক: গাইবান্ধার সুন্দরগঞ্জে পাঁচদিনের ব্যবধানে আবারও একটি কুকুরের হামলায় নারী ও শিশুসহ আটজন আহত হয়েছেন। একই ঘটনায় দুটি গরু ও দুটি ছাগলসহ চারটি গবাদিপশু আক্রান্ত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনের বিভিন্ন সময়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তিনটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলেন।

আহতরা হলেন বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা (মন্ডলপাড়া) গ্রামের আঞ্জুমানআরা, ফলগাছা (মনিরাম) গ্রামের জহুরুল ইসলাম (২৫), রুবেল মিয়া (৩০), আতোয়ার রহমান (৫০), দেওডোবা ও জামালহাট গ্রামের আব্দুল হান্নান (৫০), তোফাজ্জল হোসেন (৭০), ছবির মিয়া (৫৫) এবং দেওডোবা গ্রামের শিশু সোহাগ মিয়া (৪)।

আঞ্জুমানআরা, জহুরুল ইসলাম, রুবেল মিয়া ও আতোয়ার রহমানকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত হওয়ায় আঞ্জুমানআরা ও আতোয়ার রহমানকে সেখানে ভর্তি রাখা হয়েছে। অপর চারজন পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মারুফ সরকার জানান, সেখানে চিকিৎসা নেওয়া চারজনকে ভ্যাকসিন ও আরআইজি দেওয়া হয়েছে।

গাইবান্ধা জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জোবাইদুল কবীর জানান, কুকুরের কামড়ে আক্রান্ত গরু ও ছাগলগুলোকে চিকিৎসার পাশাপাশি টিকা দেওয়া হয়েছে।

এর আগে সুন্দরগঞ্জের বেলকা ইউনিয়নের দুটি গ্রামে শিয়ালের আক্রমণে শিশু ও নারীসহ নয়জন আহত হন। এছাড়া সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়নের হাটবামুনি গ্রামে কুকুরের কামড়ে সাত বছরের এক শিশু নিহত ও এক যুবক আহত হন।

এই সংবাদটি শেয়ার করুন

Facebook WhatsApp X Telegram