অনলাইন ডেস্ক: ১৯৯৮ বিশ্বকাপ জয়ের নায়ক জিনেদিন জিদানের ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে নতুন অধ্যায়টা শুরু হলো জয় দিয়ে। উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে ফ্রান্স। দলের একমাত্র গোলটি করেন অধিনায়ক কিলিয়ান এমবাপে, তবে গোলের পরই চোট নিয়ে মাঠ ছাড়েন তিনি।
তুরস্কের মাঠে সফরকারী হিসেবে খেলতে নেমে বল দখলে এগিয়ে ছিল ফ্রান্স। আক্রমণে অবশ্য দুই দলই প্রায় সমানতালে লড়েছে। ফ্রান্স ১২টি শটের চারটি এবং তুরস্ক সমানসংখ্যক শটের তিনটি লক্ষ্যে রাখতে পারে। প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ হয়।
ম্যাচের ১৭ মিনিটে মাইকেল ওলিসের পাস পেয়ে বক্সে এমবাপের নেওয়া শট বাইরে চলে যায়। ২৮ মিনিটে আর্দা গুলারের ক্রস থেকে তুরস্কের একটি হেড ফ্রান্সের গোলরক্ষক মাইক মাইগনান ধরে ফেলেন। বিরতির আগে ওলিসের জোরালো শট এক হাতে ছুঁয়ে ক্রসবারের ওপর দিয়ে পাঠান তুর্কি গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধে কর্নার থেকে আসা বলে তুরস্কের এক খেলোয়াড়ের হেড ফের কর্নারে পাঠান মাইগনান। এরপর ৫৪ মিনিটে ওলিসের কাছ থেকে বল পেয়ে বক্সের মুখে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে গোল করেন এমবাপে। ফ্রান্সের জার্সিতে ১০৭ ম্যাচে এটি তার ৬৭তম গোল।
গোলের পর হাঁটু ধরে বসে পড়েন এমবাপে। ম্যাচের আগে অনুশীলন মিস করায় তার চোট নিয়ে শঙ্কা ছিল। প্রাথমিক চিকিৎসার পরও স্বস্তি না পাওয়ায় মাঠ ছাড়েন রিয়াল মাদ্রিদের এই তারকা।
৮৭ মিনিটে ফ্রান্সের আক্রমণ ঠেকাতে গিয়ে পোস্টের বাইরে এসে হাতে বল স্পর্শ করেন তুরস্কের গোলরক্ষক। ভিএআর পর্যালোচনার পর রেফারি তাকে লাল কার্ড দেখান। বাকি সময়ে ১০ জন নিয়ে খেলেও তুরস্ক আর গোলের ব্যবধান কমাতে পারেনি।

