অনলাইন ডেস্ক: ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপনের কারণে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নষ্ট করেছেন তিনি। অথচ অনেকের মতে, প্রতিভার বিচারে ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান হওয়ার পাশাপাশি অর্জনে শৈশবের বন্ধু শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারতেন কাম্বলি।
দীর্ঘদিন ধরে অসুস্থ সাবেক এই ক্রিকেটার। বিশৃঙ্খল জীবনযাপনের প্রভাব তার শরীর-স্বাস্থ্যে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মাঝেমধ্যে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি হতে হয়। এর মধ্যে জানা গেছে, তিনি বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়েছেন।
সম্প্রতি বৃদ্ধাশ্রম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্ট করেছেন কাম্বলি। সেখানে সুব্যবস্থার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে কী কারণে তাকে বৃদ্ধাশ্রমে রাখা হয়েছে, তা জানা যায়নি। ভিডিওটি প্রকাশের পর ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
ভিডিওতে ৫৪ বছর বয়সী কাম্বলি বৃদ্ধাশ্রমের সুযোগ-সুবিধা ও পরিচ্ছন্নতার প্রশংসা করেন। আবেগঘন বক্তব্যে তিনি জানান, সেখানে থাকা মানুষদের ভালোবাসায় তার মনে হচ্ছে না যে তিনি নিজের বাড়ির বাইরে আছেন। জায়গাটির স্বাস্থ্যবিধি, পরিচ্ছন্নতা ও সুযোগ-সুবিধার কথাও উল্লেখ করেন তিনি।
কাম্বলি দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন এবং ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। তার আর্থিক অনটনও রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শারীরিক পরিস্থিতি বিবেচনায় নিয়মিত পরিচর্যা ও সুস্থতা নিশ্চিত করতে তাকে প্রবীণদের জন্য বিশেষ একটি কেন্দ্রে রাখা হয়েছে।
একসময় শচীনের এই বাল্যবন্ধুকে ভারতের সর্বকালের অন্যতম সেরা বাঁহাতি ব্যাটার হিসেবে বিবেচনা করা হতো। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য পেলেও বিশৃঙ্খল জীবনযাপনের কারণে দ্রুতই ক্রিকেটের মূলস্রোত থেকে হারিয়ে যান তিনি।

