অনলাইন ডেস্ক: খাগড়াছড়ি থেকে সাজেক যাতায়াতে পর্যটনবাহী সাফারি, জিপ ও পিকআপের ভাড়া ৫০০ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত ভাড়া শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে কার্যকর হয়েছে। একইসঙ্গে মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।
খাগড়াছড়ি সাজেক কাউন্টারের দায়িত্বে থাকা মো. আরিফ ভাড়া বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল থেকে খাগড়াছড়ি থেকে সাজেকগামী সব গাড়ি নতুন ভাড়ায় যাত্রী পরিবহন করছে।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরে এ নিয়ে দ্বিতীয় দফায় সাজেকগামী পর্যটনবাহী যানবাহনের ভাড়া বাড়ানো হলো। এর আগে মে মাসে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গাড়িভাড়া এক দফায় ১ হাজার টাকা বাড়ানো হয়েছিল। এবার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও পরিবহন পরিচালনার ব্যয় বেড়ে যাওয়াকে কারণ দেখিয়ে খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি এবং পার্বত্য যানবাহন মালিক কল্যাণ সমিতি ভাড়া সমন্বয় করেছে।
নতুন ভাড়ার তালিকা
খাগড়াছড়ি থেকে সকালে সাজেক গিয়ে বিকেলে ফিরে আসার জন্য একটি গাড়ির ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯ হাজার টাকা। এক রাত যাপনসহ যাওয়া-আসার ভাড়া ১০ হাজার ৫০০ টাকা। এক রাত যাপন ও নির্ধারিত পর্যটন স্পট ভ্রমণের প্যাকেজে ভাড়া ১২ হাজার ৫০০ টাকা। দুই রাত যাপনে ১৩ হাজার ৫০০ টাকা এবং দুই রাত যাপনসহ নির্ধারিত পর্যটন স্পট ভ্রমণের প্যাকেজে ১৫ হাজার টাকা দিতে হবে।
খাগড়াছড়ি থেকে দেবতা পুকুর, আলুটিলা গুহা, রিছাং ঝর্ণা, তারেং ও ঝুলন্ত ব্রিজ ঘুরে একই দিনে ফেরার গাড়িভাড়া ৭ হাজার ৫০০ টাকা। পানছড়ি, অরণ্য কুটির ও মায়াবিনী লেকসহ বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে আসার ভাড়া ৬ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
খাগড়াছড়ি-রাঙামাটি যাওয়া-আসার ভাড়া ৮ হাজার ৫০০ টাকা। সেখানে এক রাত থাকলে অতিরিক্ত ২ হাজার টাকা দিতে হবে। খাগড়াছড়ি-বান্দরবান যাওয়া-আসার ভাড়া ১৩ হাজার ৫০০ টাকা এবং এক রাত অবস্থানের জন্য অতিরিক্ত ৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
তালিকা অনুযায়ী, ভাড়া একটি গাড়ির জন্য প্রযোজ্য এবং এক গাড়িতে সর্বোচ্চ ১২ জন পর্যটক যেতে পারবেন। আনুষঙ্গিক খরচ হিসেবে সাজেকে প্রতিজন পর্যটকের জন্য ২০ টাকা এবং প্রতিটি গাড়ির জন্য ১০০ টাকা দিতে হবে। রাতে অবস্থান করা গাড়ি সকালে না ফিরে বিকেলে ফিরলে নির্ধারিত ভাড়ার সঙ্গে আরও ৫০০ টাকা যোগ হবে।
খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির অর্থ সম্পাদক মো. মাসুম পারভেজ বলেন, জ্বালানি তেলের বাড়তি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈঠকের মাধ্যমে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, পিকআপ, জিপ ও সাফারি গাড়ির ভাড়া ৫০০ টাকা করে এবং মাহিন্দ্রা সিএনজির ভাড়া ২০০ টাকা বাড়ানো হয়েছে।

