অনলাইন ডেস্ক: জাপানের আইচি-নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে নানা অব্যবস্থাপনা রয়েছে। নাগোয়ায় এসে আবাসন নিয়ে চরম ভোগান্তিতে পড়েছিল বাংলাদেশ আরচ্যারি দল। স্বাগতিকদের অব্যবস্থাপনায় সংকটে পড়েও আয়োজক কমিটির কাছ থেকে উল্টো কড়া সতর্কতামূলক চিঠি পেয়েছে বাংলাদেশ।
লম্বা বিমান ভ্রমণের পর বাংলাদেশ আরচ্যারি দল ঠিকমতো আবাসন পায়নি এবং দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এ নিয়ে দলের সদস্যদের সঙ্গে আয়োজক কমিটির কর্মকর্তা ও ভলান্টিয়ারদের কথাবার্তায় উত্তেজনা তৈরি হয়। এর পরই সাংগঠনিক কমিটি বাংলাদেশকে সতর্কতামূলক চিঠি পাঠায় বলে জানা গেছে।
চিঠিতে এমন আচরণের পুনরাবৃত্তি হলে ক্রুজ থেকে অপসারণ এবং নিজ ব্যবস্থাপনায় থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা বলেন, সাংগঠনিক কমিটি বাংলাদেশের শেফ দ্য মিশনকে চিঠি দিয়েছে। এ বিষয়ে বিস্তারিত তিনি জানাতে পারবেন বলে উল্লেখ করেন রানা।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি ও এশিয়ান গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন মেজর ইমরোজ আহমেদ জানান, চিঠিতে কোনো ব্যক্তির নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ঘটনার ফুটেজ ও সংশ্লিষ্ট ব্যক্তির নাম জানতে তিনি আয়োজক কমিটির কাছে আরেকটি চিঠি দিয়েছেন। প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে তদন্ত বা ব্যবস্থা নেওয়া সম্ভব নয় বলেও জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ দলের পক্ষ থেকে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ কন্টিনজেন্ট সূত্রের দাবি, আরচ্যারি দলের কোচ মার্টিন ফ্রেডরিক আয়োজক কমিটির কর্মকর্তা ও ভলান্টিয়ারদের সঙ্গে মেজাজ হারিয়েছিলেন। ক্রুজে তার জন্য আলাদা সিঙ্গেল রুম না থাকায় তিনি ক্ষুব্ধ হন বলে সূত্রটি জানিয়েছে। আরচ্যারদের জন্যও রুম সংকট ছিল।
বাংলাদেশ আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর রায়হান বলেন, আবাসন নিয়ে এ বিষয়ে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন, সাংগঠনিক কমিটি বা এশিয়ান আরচ্যারি—কোনো সংস্থাকে কিছু জানানো হয়নি। দীর্ঘ ভ্রমণের পর রুমের জন্য অপেক্ষা এবং পরে রুম ঠিকমতো না পেলে উচ্চস্বরে কথা হওয়াকে তিনি অতিরঞ্জন নয় বলে মন্তব্য করেন।

